বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে সামাজিক বৈষম্য দূরকরণ।'
মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিই বৃদ্ধি পায়নি পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও হয়েছে যথেষ্ট। আসলে শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র বিমোচনসহ প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
‘বাংলাদেশ সামিট অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট ২০১৪’ শীর্ষক ৪ দিনের এ সম্মেলনের আয়োজক গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে রূপান্তর করতে হলে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন করলোই হবেনা। আর্থ-সামাজিক উন্নয়ন করতে হবে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, ইমিনেন্সের প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহী অফিসার ড. শামীম হায়দার তালুকদার, পপুলেশন হেলথ ইনভায়রনমেন্ট (পিএইচই)-এর নির্বাহী পরিচালক ড. নেগাস টেকলু প্রমুখ।
৪ দিনব্যাপী এ সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন গবেষক, সমাজসেবক ও রাজনীতিবীদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





