২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাঁচার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছিল। আগস্ট মাস আসলেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তার দলের নেতাদের পাগলামী বেড়ে যায়। কারণ তারা বুঝতে পেরেছেন ২১ শে আগস্টের এই হামলা মামলার বিচার থেকে তারেক রহমানের রক্ষা নেই।বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও এই মামলার দায় এড়াতে পারেন না।
আওয়ামী লীগের এ নেতা বলেন, পাকিস্তান ও তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই’র তৈরী একটি রাজনৈতিক দল বিএনপি। এখনও তাদের নিদের্শেই চলছে এই দল। বিএনপি সকল কার্যক্রম আইএসআই দ্বারা নিয়ন্ত্রত হয় বলেও দাবি করেন হানিফ।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: শাদাত উল্লা ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।
ঢাকা, এমআর, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





