প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,কলাবাগান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে হত্যার ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা সাধারণ আইনশৃংখলার বিষয় নয়। দেশ যখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করতেই এ ধরনের হত্যাকাণ্ড।

সোমবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার/উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি আশ্বস্ত করে বলেন, অপরাধীরা ধরা পড়বেই। আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে।

শেখ হাসিনা দেশবাসীকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, আইনশৃংখলা বাহিনী সতর্ক আছে। তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে এবং সবাইকে মিলেই এটা মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, এই গুপ্ত হত্যাগুলো কারা ঘটাচ্ছে তা সবাই জানে। বিএনপি-জামায়াত নানারূপে এটা করছে।

প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনের পর থেকেই তারা সমাজবিরোধী কাজ করছে। আগেরগুলো ব্যর্থ হওয়ায় গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে।

এমবি