দেশের আকাশে শনিবার সন্ধ্যায় মহররম মাসের চাঁদ দেখা গেছে। রবিবার থেকে শুরু হচ্ছে আরবি নতুন বছর ১৪৩৬ হিজরি। সেই হিসেবে ৪ নভেম্বর ১০ মহররম পবিত্র আশুরা পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।

সভায় ধর্মমন্ত্রী জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৬ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে।

সভায় ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইয়াকুব হোসাইন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন।

আশুরার দিন দেশে সরকারি ছুটি পালিত হয়ে থাকে। বর্তমানে আশুরার গুরুত্ব কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাৎবরণের ঘটনাকে কেন্দ্র করে হলেও ইসলামের ইতিহাসে পবিত্র আশুরার অসংখ্য তাৎপর্যময় ঘটনা উজ্জল হয়ে আছে। এই দুনিয়া সৃষ্টি, হজরত আইয়ুব (আ.) এর কঠিন পীড়া থেকে মুক্তি, হজরত ঈসা (আ.) এর আসমানে জীবিত অবস্থায় উঠে যাওয়া, হজরত নুহ (আ.) এর নৌকা ঝড়-তুফানের কবল থেকে মুক্তি পাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনার সঙ্গে মহররমের ১০ তারিখ অবিস্মরণীয় ও মহিমান্বিত। সর্বোপরি এই পৃথিবীর মহাপ্রলয় বা রোজ কিয়ামত মহররমের ১০ তারিখে ঘটবে বলে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে।

কেএইচ