সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এবার হজে গিয়ে এ নিয়ে ২৫ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরলেন মোট ৩৯ হাজার ৭০ জন হাজি।
আজ রোববার (৩১ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় মো. আবু তালেব মোল্লা (৫৬) নামে আরও এক বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। তার বাড়ি মেহেরপুর জেলায়। তার পাসপোর্ট নম্বর- EA0749782। এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে সর্বমোট ২৫ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও সাতজন নারী।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ১০৯টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে পাঁচটি। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।
এবিএস





