ক্ষতিগ্রস্ত হজযাত্রীদের জন্য ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি দিতে পদযাত্রা কর্মসূচি পালনে বাধা দিয়েছে পুলিশ।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে‘ক্ষতিগ্রস্ত হজ্জ এজেন্সিসমূহের’ ব্যানারে জড়ো হয় হজ যাত্রী ও এজেন্সিসমূহের নেতাকর্মীরা।

পরে সেখান থেকে ইহরামের কাপড় পড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে পদযাত্রা শুরু করে নেতাকর্মীরা। পদযাত্রাটি হাইকোর্টের কাছে কদম ফোয়ারার সামনে যাওয়া মাত্র পুলিশ ফোর্স তাদের বাধা দেয়।

এ সময় ক্ষতিগ্রস্থ হজ্জ এজেন্সি সমূহের আহ্বায়ক মাওলানা ফজলুর রহমান বলেন, ধর্মমন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা কৃত্রিমভাবে হজ্জ যাত্রীদের নিয়ে এই সংকট সৃষ্টি করেছে। আমাদের এখন রাস্তায় না থেকে হজ্জে যাওয়ার প্রস্তুতি নেয়ার কথা ছিলো। কিন্তু আজ আমারা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে হাজীদের শান্তি পূর্ণ কর্মসূচিতে যারা বাধা দিয়েছে তারা ইতিহাসের আস্তকুড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি আরও বলেন, আমরা হাজার হাজার হজ্জ যাত্রী হজ্জে যেতে পারবো কি না এ নিয়ে উদ্বেগের মধ্যে আছি। অথচ ধর্মমন্ত্রণালয় সমস্যা সমাধানে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।

ধর্মমন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা হজ্জ নীতিমালার বাইরে কাজ করে এই সংকট সৃষ্টি করেছে অভিযোগ করে ফজলুর রহমান বলেন, বিগত ৫ বছর ধরে হজ্জে লোক পাঠানো নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি।

তিনি অভিযোগ করেন, অসাধু কর্মকর্তারা হজ্জে পাঠানোর নামে অবৈধভাবে মানব পাচারের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন জালিয়াতি করে এই সংকট সৃষ্টি করেছে। রেজিষ্ট্রেশন করা অনেক ব্যক্তিকেই বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তিনি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে পুলিশি বাধার মুখে ক্ষতিগ্রস্ত হজ এজেন্সির নেতাকর্মীরা পরে প্রতিনিধির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানোর মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

ইআর/ এমএ/ এআর