শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে ঈদের প্রধান জামাত আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমতৈল মধ্য পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা তাজুল ইসলাম।
এদিন ঈদের জামাতে আমতৈল, রজনীলাইন, পুরানঘাট, লাউড়েরগড়, পুটিয়া, বুরুঙ্গাছড়া গ্রাম থেকে দুই শতাধিক মুসুল্লি ঈদুল ফিতরের নামায আদায় করেন।
ঈদ উদযাপনকারী আমতৈল গ্রামের বাসিন্দা মতি মিয়া জানান, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জা কিল দরবার শরীফ এর অনুসারী তাঁরা। তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ। সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।
সরেজমিনে দেখা গেছে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল ৯টা থেকেই ধীরে ধীরে মুসল্লিগণ নামাজের জন্য মসজিদে আসতে শুরু করেন। একপর্যায়ে সেখানে ঘণ্টাব্যাপী ধর্মীয় আলোচনা ও জিকির-আজকার শেষে নামাজ শুরু হয়।
এসময় মসজিদে বাহিরে তাহিরপুর থানা পুলিশের একটি টিমকে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা গেছে।
এমএম