বিশ্বের জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক এবার সার্চ জায়ান্ট গুগলের ব্যবসার জন্য হুমকি হয়ে উঠল। সম্প্রতি ফেসবুকে একটি সার্চ টুল পরীক্ষা করা হচ্ছে। আর এটি সফল হলে এর মাধ্যমে ফেসবুকের মাধ্যমেই পোস্ট থেকে সার্চ করতে পারবেন ব্যবহারকারীরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
ফেসবুকের কিওয়ার্ডভিত্তিক এ সার্চ ব্যবহার করে পুরনো পোস্ট খুঁজে বের করা যাবে। বর্তমানে এ প্রক্রিয়া পরীক্ষামূলক পর্যায়ে আছে। তবে ফেসবুকের মোবাইল অ্যাপে কিছু ব্যবহারকারীকে সার্চ ব্যবহার করার সুবিধা দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। প্রাথমিকভাবে বন্ধুদের পুরনো পোস্ট থেকে কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করার সুবিধা পাওয়া যাচ্ছে।
ফেসবুক এক ইমেইল বার্তায় একে ‘মোবাইল থেকে সার্চের উন্নয়ন’ বলে জানিয়েছে। এ বিষয়টি কবে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে তা এখনও জানানো হয়নি।
সার্চ ব্যবস্থার উন্নয়ন ফেসবুকের সিইও মার্ক জোকারবার্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। জোকারবার্গের পরিকল্পনা রয়েছে ফেসবুকের সার্চ টুলকে শক্তিশালী করে গুগলের সমকক্ষ করে তোলা। এ বিষয়টি উন্নয়ন করতে পারলে তা গুগলের বিলিয়ন ডলারের ব্যবসার জন্য হুমকিস্বরূপ হয়ে উঠতে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





