মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্ল্যাটফর্মটি চালুর কথা জানানো হয়।

উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে। এর মধ্যে টঙ্গী পৌরসভা কার্যালয়ে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৫০০ টাকা চাওয়ার অভিযোগ রয়েছে। প্ল্যাটফর্মে ঘটনাটিকে ‘জোরপূর্বক অর্থ আদায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্মাণকাজ ঘিরে চাঁদা দাবির অভিযোগ

রাজধানীর মিরপুরের ৬০ ফুট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজকে কেন্দ্র করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও জমা পড়েছে। অভিযোগে একজন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে অর্থ দাবি করার কথা বলা হলেও, ওই নেতার সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বলেও জানানো হয়েছে।

পূর্ব শেওড়াপাড়ায় সড়ক উন্নয়নকাজের সময় কয়েকটি ভবনের পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর পুনরায় সংযোগ দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা করে দাবি করার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এ ছাড়া রাজধানীর পল্টন এলাকায় ময়লা ব্যবস্থাপনা বা ময়লার বিলের নামে প্রতি মাসে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগও প্রকাশ করা হয়েছে। এতে সিটি করপোরেশনের রসিদ ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।

পরিচয় গোপন রেখে অভিযোগের সুযোগ

উদ্যোক্তারা জানিয়েছেন, বিদেশের বিভিন্ন নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম এবং ঘুষের অভিযোগ নথিবদ্ধ করার প্ল্যাটফর্ম ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে ‘চাঁদাবিডি ডটকম’ তৈরি করা হয়েছে।

প্ল্যাটফর্মটিতে নাগরিকরা পরিচয় প্রকাশ না করেই চাঁদা দাবি, ভয়ভীতি দেখানো, নির্মাণকাজ বা ব্যবসাকে কেন্দ্র করে অবৈধ অর্থ দাবির মতো ঘটনার তথ্য জানাতে পারবেন।

অভিযোগ জমা দেওয়ার সময় ঘটনার স্থান ও সময়, সংশ্লিষ্ট খাত বা ঘটনার ধরন, দাবিকৃত অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

অভিযোগ মানেই প্রমাণিত অপরাধ নয়

উদ্যোক্তারা স্পষ্ট করেছেন, ওয়েবসাইটে প্রকাশিত কোনো অভিযোগকে আদালতে গ্রহণযোগ্য প্রমাণ, তদন্তের ফলাফল কিংবা যাচাইকৃত অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতা নথিবদ্ধ করার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম।

তাদের মতে, এসব অভিযোগ বিশ্লেষণের মাধ্যমে কোন এলাকায় বা কোন খাতে চাঁদাবাজি ও অবৈধ অর্থ দাবির অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে প্রাথমিক একটি চিত্র পাওয়া সম্ভব।

ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতে অভিযোগ প্রকাশের আগে তা মডারেশনের আওতায় নেওয়া হবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেটিকে প্রমাণিত ঘটনা হিসেবে উপস্থাপন করা হবে না।

চাঁদাবিডি কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকে অপমান করা বা অপরাধী হিসেবে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়। নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যার ধরন তুলে ধরাই উদ্যোগটির মূল লক্ষ্য।

এনএইচ