ব্যস্ত প্রতিষ্ঠানে কাজের চাপ যেমন থাকে তেমনি সে কারণে অনেক সময় ছুটিও মেলে না। কিন্তু এক দিনের ছুটির অভিনব আবেদনে এমন জবাবের উদাহরণ সম্ভবত কমই আছে।

ঘটনাটি ছোট্ট কেটি আর তার ডিজাইনার বাবাকে নিয়ে।

এক প্রতিবেদনে বাণিজ্য সাময়িকী বিজনেস ইনসাইডার জানিয়েছে, কেটি হচ্ছে ওয়েব জায়ান্ট গুগলে কর্মরত একজন ডিজাইনারের মেয়ে যে বাবার জন্মদিনের জন্য ছুটি চেয়ে একটি চিঠি পাঠিয়েছিল প্রতিষ্ঠানটিকে। মজার ব্যাপার হচ্ছে, হাতে লেখা ওই চিঠির জবাবও দিয়েছে গুগল। আসুন দেখে নেই কি ছিল ওই চিঠি চালাচালিতে-

কেটি তার চিঠিটি লিখেছিল বাবার উর্দ্ধতন কর্মকর্তাকে উদ্দেশ্য করে। চিঠিতে মেয়েটি উজ্জ্বল রংয়ের ক্রেয়ন পেন্সিলে লিখেছিল-

“প্রিয় গুগল কর্মী,

বাবা যখন অফিসে যাবে তখন তিনি যাতে একদিনের ছুটি পান সে বিষয়টি কী তোমরা একটু দেখবে? যেমন ধরো, তিনি যেন বুধবারে ছুটি পেতে পারেন। কারণ বাবা শুধু শনিবার একটি দিনই ছুটি পান।

ইতি

কেটি

বি.দ্র. এটা বাবার জন্মদিন!

বি.বি.দ্র. আর এখন যে সামার সেটা তো জানোই।

কেটির ওই চিঠিটি গিয়ে হাজির হয়, তার বাবার উর্দ্ধতন কর্মকর্তা সিনিয়র ডিজাইন ম্যানেজার ড্যানিয়েল শিপ্লাকফের কাছে। জুন মাসের ১৭ তারিখে পাল্টা একটি চিঠি লিখে তিনি কেটির বাবার কাজের প্রশংসা করেন এবং কেটির বাবাকে এক দিন নয়, বরং পুরো সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেন। শিপ্লাকফ তার চিঠিতে লিখেছিলেন-

“প্রিয় কেটি,

সুচিন্তিত চিঠি এবং অনুরোধের জন্য তোমাকে ধন্যবাদ।

তোমার বাবা, গুগলের জন্য এবং বিশ্বের লাখো মানুষের জন্য মজার আর সুন্দর ডিজাইন করেন এবং তিনি অনেক কঠোর পরিশ্রম করেন।

তার জন্মদিন উপলক্ষ্যে এবং গ্রীষ্মকালে বুধবারে ছুটি নেয়ার গুরুত্বটি বুঝতে পেরে আমরা তাকে জুলাইয়ের প্রথম সপ্তাহের পুরোটাই ছুটি দিচ্ছি।

এনজয়!”

(স্বাক্ষর)

ড্যানিয়েল শিপ্লাকফ

গুগলের এক মুখপাত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বলেই জানিয়েছে বিজনেস ইনসাইডার। সূত্র: বিডিনিউজ২৪.কম।

ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ