প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন,পরবর্তী গুগল, ফেসবুক ও ইউটিউবের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তৈরি হবে।এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব সরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাল করা হবে।

শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন বিভাগ এ মতবিনিময় সভার আয়োজন করে।

সজীব ওয়াজেদ বলেন, আমি চাই। পরবর্তী গুগল, ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ থেকে হবে। অন্য দেশ পারলে আমরা কেন পারব না? আপনারা এখানে সরকারি সহায়তার কথা বলছেন। অথচ যুক্তরাষ্ট্রেও কিন্তু সফটওয়্যার কিংবা কোনো উদ্ভাবনের জন্য সরকারি সহায়তা দেওয়া হয় না।

তিনি বলেন,আমাদের দেশে তথ্য ও প্রযুক্তির জন্য ব্যক্তিগত খাত থেকে বিনিয়োগ গড়ে ওঠেনি। ব্যবসায়ীদের উচিত, ভালো একটি ওয়েবসাইট কেউ করলে সেখানে বিনিয়োগ করা। তাঁরা এগিয়ে এলে পরবর্তী ফেসবুক, গুগল বাংলাদেশ থেকে হবে।

ফ্রিল্যান্সাররা উদ্যোক্তা হচ্ছেন। তাঁদের জন্য কোনো আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে কি না একজন ফ্রিল্যান্সারের এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, আপনাদের কোনো সম্পদ নাই যে ব্যাংকে সেগুলো জমা রেখে ঋণ নিতে পারবেন। তাই কীভাবে আপনাদের আর্থিক সহায়তা করা যায়, সেটা নিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলব। এ বিষয়টা সমাধান করা যাবে।

দেশে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র থেকে নিবন্ধন করছেন, শিক্ষক নিয়োগের নিবন্ধনের বিষয়টি এই সেবাকেন্দ্রে চালু করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। ইতিমধ্যে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র থেকে ৭০ ধরনের সেবা প্রদান করা হচ্ছে। তবে জন্মনিবন্ধনের সনদ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকেই দেওয়া হবে। চাইলে ডেটাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হবে।’

দ্রুতগতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে ঠিকভাবে কাজ করা যায় না। এটা সুরাহার ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে জয় বলেন, এখন বিদ্যুতের অভাব নাই। শুধু বিভিন্ন এলাকায় লাইন না থাকায় সেটা পৌঁছানো যাচ্ছে না। সেটাও খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আর ইন্টারনেট হাইস্পিড করার জন্য সাবমেরিন কেবল তো রয়েছে। এটাতে কোনো সমস্যা হলে ভারতের মাধ্যমে দুটি সাবস্টিটিউট কানেকশন লাইন রয়েছে।

ঢাকা, এমআর, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর