ফেসবুকের গ্রাহকসংখ্যা দিন দিন বাড়ছে। এতে প্রতিষ্ঠানটির ডাটা ট্রাফিকিংও বাড়ছে। এই প্রেক্ষাপটে তথ্যকেন্দ্রের উন্নয়নে নতুন নেটওয়ার্ক ব্যবস্থার ব্যবহার শুরু করছে শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। তথ্যের ক্রমবর্ধমান চাপের কারণে পুরনো নেটওয়ার্ক ব্যবস্থার পরিবর্তে ডাটা সেন্টার ফ্যাব্রিক নামের নেটওয়ার্ক ব্যবস্থার ব্যবহার শুরু করেছে সাইটটি।
ফেসবুক তাদের সব নতুন তথ্যকেন্দ্রে ডাটা সেন্টার ফ্যাব্রিক ব্যবস্থা কার্যকর করবে। পাশাপাশি পুরনো তথ্যকেন্দ্রগুলোর অবকাঠামোও উন্নয়ন করছে। বর্তমানে তথ্যকেন্দ্রের চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। এ ক্ষেত্রে সাশ্রয়ী দামের নেটওয়ার্ক ব্যবস্থার গুরুত্ব অনেক। তাই ফেসবুকের নতুন নেটওয়ার্ক ব্যবস্থার নকশা অনেক বড় প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে। আর এ নতুন নেটওয়ার্ক ব্যবস্থা অন্যদের তুলনায় সাশ্রয়ী হবে।
নতুন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে ক্রমবর্ধমান তথ্য লেনদেনের সমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। নতুন নেটওয়ার্ক ব্যবস্থা ফেসবুকের তথ্যকেন্দ্রগুলোয় ব্যবহৃত মেশিনগুলোর তথ্য আদান-প্রদানের হার বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। আপাতত যেসব এলাকায় বাজার উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনা রয়েছে, সেখানে তারা নতুন নেটওয়ার্ক ব্যবস্থা চালু করেছে।
গ্রাহক বাড়ার পাশাপাশি শীর্ষ সামাজিক যোগাযোগ সাইটটিতে প্রচারিত বিজ্ঞাপনের হারও বাড়ছে। আর সেবার প্রসারের কারণে সাইবার নিরাপত্তার দিকটিও নজরে রাখতে হচ্ছে ফেসবুককে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতিতে নতুন নেটওয়ার্ক ব্যবস্থা প্রতিষ্ঠানটির তথ্যবিনিময়ে সমতা আরো বাড়াবে।
এ বিষয়ে ফেসবুকের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট নাজাম আহমেদ জানিয়েছেন, ফেসবুক ব্যবহারকারীদের বন্ধু, পছন্দের পেজ, নিরাপত্তাব্যবস্থা ইত্যাদি বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। প্রতিনিয়ত গ্রাহক বাড়ার কারণে তথ্য আদান-প্রদানের হারও বাড়ছে। তাই নতুন নেটওয়ার্ক ব্যবস্থা আমাদের সমতা উল্লেখযোগ্য হারে বাড়াবে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ফেসবুকের সেবার পরিধি দিন দিন বাড়ছে। আর প্রতিষ্ঠানটি নিয়মিতই নতুন নতুন সেবা চালু করছে। ফলে তথ্যের নিরাপদ লেনদেন ফেসবুকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানটি যাতে নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আর এ ক্ষেত্রে নতুন নেটওয়ার্ক ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখবে।
কেএইচ





