অনলাইনে অবৈধ অস্ত্রের বেচা-কেনা রোধ করতে এবার এগিয়ে আসছে ফেসবুক। সেই লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে অনলাইন চেক পয়েন্ট স্থাপন এবং অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার মত পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অস্ত্রধারীদের হামলায় হতাহতের ঘটনার পর অস্ত্র বেচা-কেনা এবং আদান-প্রদানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহারের অভিযোগ উঠে। এরই পরিপ্রেক্ষিতে এই প্রথম অস্ত্র বিক্রি রোধে পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
সম্প্রতি এক ব্লগ পোস্টে ফেসবুকের গ্লোবাল পলিসি ম্যানেজমেন্টের প্রধান মনিকা বিকার্ট বলেন, আইন লংঘন করে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ছবি কিংবা অন্য কোন ধরনের পোস্ট প্রকাশ করা আটকে দিবে ফেসবুক কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, অবৈধ অস্ত্র বিক্রি বন্ধের লক্ষ্যে সম্ভাব্য করণীয় নির্ধারণে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন আইন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।
অবৈধ অস্ত্র বিক্রি রোধে অনলাইন চেকপয়েন্ট স্থাপন করে নজরদারি করা হবে এবং সব ধরনের অস্ত্র সংক্রান্ত পেজ ও পোস্ট থেকে অপ্রাপ্ত বয়স্কদের বিরত রাখার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ফেসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রামেও একই ধরনের নিয়ম প্রয়োগ করা হবে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]