অ্যাপল ম্যাপস ব্যবহারকারীরা যুক্তরাষ্ট্রে লেক অন্টারিওর বদলে এখন ‘লেক আমেরিকা’ নাম দেখতে পাবেন। তবে কানাডার ব্যবহারকারীদের জন্য নামটি আগের মতোই ‘লেক অন্টারিও’ থাকবে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে থাকা ব্যবহারকারীরা দুটি নামই দেখতে পাবেন।
গত ২৭ আগস্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্দেশ দেন। ওই আদেশে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক নামসংক্রান্ত সরকারি নথি ও অন্যান্য তথ্যভান্ডারে ৩০ দিনের মধ্যে নতুন নাম যুক্ত করার কথা বলা হয়।
লেক অন্টারিও উত্তর আমেরিকার পাঁচটি বৃহৎ হ্রদের একটি। এর নাম পরিবর্তনের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর এমনিতেই সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে।
গুগল এরই মধ্যে তাদের মানচিত্রে নামটি পরিবর্তন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরকারি ভৌগোলিক নামের তথ্যভান্ডারে পরিবর্তন এলে তারা মানচিত্রেও তা অনুসরণ করে।
তবে সব মানচিত্র সেবা একই পথে হাঁটেনি। ম্যাপকোয়েস্ট জানিয়েছে, তারা লেক অন্টারিওর নাম পরিবর্তন করবে না। পরিচিত নামটিই তারা ব্যবহার করবে।
এ সিদ্ধান্তের পর ম্যাপকোয়েস্টের ব্যবহারকারীও বেড়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে একসময় অ্যাপটি সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মানচিত্রভিত্তিক অ্যাপের শীর্ষে উঠে আসে। এমনকি সাময়িকভাবে এটি চ্যাটজিপিটিকেও পেছনে ফেলেছে।
লেক অন্টারিওর নাম নিয়ে অ্যাপল ও গুগলের অবস্থানের অবশ্য আগেও নজির রয়েছে। গত বছর ট্রাম্পের নির্দেশের পর দুই প্রতিষ্ঠানই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করেছিল।
এমএম