শুক্রবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জাকারিয়ার উত্তরসূরি নিয়োগে কোনো তাড়া নেই বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, দায়িত্বে থাকা নিয়ে জাকারিয়াকে পুনর্বিবেচনা করতে বলেছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘সংবাদমাধ্যমের হাতে কেটি যেভাবে ভুগছেন, তাতে আমার মনে হয় না তাকে এভাবে কষ্ট পেতে দেওয়া উচিত।’

তিনি আরো বলেন, ‘আমি তাকে বলেছি, সত্যি বলতে, আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম। তুমি ভেবে দেখো।’

জাকারিয়া জানিয়েছেন, গত সপ্তাহে তাকে এই পদে দায়িত্ব দেওয়ার বিষয়ে ফোন করা হয়েছিল। তিনি ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

পরে ট্রাম্প তার নিয়োগের ঘোষণা দিয়ে তাকে একজন আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে ক্যালিফোর্নিয়ার পেপারডাইন ইউনিভার্সিটির আইন অনুষদ থেকে স্নাতক করা জাকারিয়া আইনজীবী হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কি না, তা নিয়ে গত এক সপ্তাহে প্রশ্ন ওঠে।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকারিয়া নিজেই জানান, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। এরপর তার আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক আরো জোরালো হয়।

ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে অ্যান্থনি স্কারামুচি দায়িত্ব পালন করেছিলেন মাত্র ১০ দিন। জাকারিয়ার মেয়াদ ছিল তার অর্ধেক—মাত্র পাঁচ দিন।

আলজাজিরার সংবাদদাতা কিম্বারলি হ্যালকেট বলেন, জাকারিয়াকে নিয়োগ দেওয়া এবং অল্প সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ঘটনা ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে, গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রিপাবলিকান পার্টি।

হ্যালকেটের ভাষায়, ‘বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন এবং দায়িত্ব পালনে দুর্বলতা এই দুই বিষয়ই শেষ পর্যন্ত তার বিদায়ের কারণ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এতে প্রেসিডেন্টকে হঠকারী বলে মনে হচ্ছে। অথচ নভেম্বরের নির্বাচনে জয়ের জন্য তার প্রচারাভিযান যথাযথভাবে এগোচ্ছে না বলে তিনি আগে থেকেই সমালোচনার মুখে রয়েছেন।’

আলজাজিরা

এমএম