মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন,বড় কোডভান্ডারে সফটওয়্যার উন্নয়নের পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে মিউজ কোড তৈরি করা হয়েছে। টুলটি প্রয়োজন অনুযায়ী কোডে পরিবর্তনের পরিকল্পনা করতে, নতুন কোড লিখতে এবং পরিবর্তন ঠিকভাবে বাস্তবায়ন হয়েছে কি না, তা যাচাই করতে পারে।

মিউজ কোডের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে মেটার আগেই উন্মুক্ত করা মিউজ স্পার্ক এআই মডেল। বড় প্রকল্পে এটি একই সময়ে একাধিক এআই এজেন্ট চালাতে পারে। এসব এজেন্ট প্রকল্পের ভিন্ন ভিন্ন অংশে সমান্তরালভাবে কাজ করায় একাধিক পরিবর্তন আনার সময় সংঘর্ষ বা দ্বন্দ্বের ঝুঁকি কমে।

জাকারবার্গ বলেন, ব্যবহারকারীর মূল কোডে সরাসরি পরিবর্তন আনার পরিবর্তে আলাদা একটি পরিবেশে কাজ করে মিউজ কোড। পরীক্ষামূলক ব্যবহারে টুলটি একই সঙ্গে একটি গেমের ছয়টি নতুন ফিচার তৈরি করতে সক্ষম হয়েছে।

মেটার তথ্য অনুযায়ী, মাত্র একটি কমান্ড ব্যবহার করেই মিউজ কোড ইনস্টল করা যায়। বড় সফটওয়্যার প্রকল্পে কাজ করা ডেভেলপারদের সময় সাশ্রয় এবং জটিল প্রক্রিয়া সহজ করাই এর মূল লক্ষ্য।

সফটওয়্যার উন্নয়ন বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন এআই টুলটি উন্মুক্ত করেছে মেটা। বর্তমানে এ খাতে ওপেনএআইয়ের কোডেক্স এবং অ্যানথ্রপিকের ক্লড কোড–এর সঙ্গে প্রতিযোগিতা করছে প্রতিষ্ঠানটি।

মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং বলেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার উন্নয়ন কাজে মিউজ কোড কার্যকর বিকল্প হতে পারে। পাশাপাশি খরচের দিক থেকেও প্রতিযোগিতামূলক রাখতে টুলটি তৈরি করা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবায় বিনিয়োগ বাড়িয়ে চলেছে মেটা। জুনে গ্রাহকসেবা ও সহায়তার জন্য এআই এজেন্ট উন্মুক্ত করার পর এবার সফটওয়্যার ডেভেলপারদের জন্য নতুন এআই টুল প্রকাশ করল প্রতিষ্ঠানটি।

এস