প্রতারকরা অনেক সময় অচেনা নম্বর থেকে এমন একটি ঝাপসা ছবি পাঠায় যার সঙ্গে লেখা থাকে, এই ব্যক্তিকে চেনেন বা ছবিটা একবার দেখুন। পরিচিত কেউ ভেবে অনেকে সেই ছবি ডাউনলোড বা খোলার ভুল করেন। তবে শুধু ছবি খোলার মাধ্যমেই যে সরাসরি অ্যাকাউন্ট খালি হয়ে যাবে তা নয়, আসল ঝুঁকি হলো সন্দেহজনক ফাইল, ক্ষতিকর অ্যাপ বা ফিশিং লিঙ্কের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া। অনেক সময় ভুয়া লিঙ্কে ক্লিক করলেই ফোন হ্যাকারদের কবলে চলে যায়।

এই ধরনের সাইবার ঝুঁকি এড়ানোর জন্য বেশ কিছু প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা মেনে চলা দরকার। প্রথমত, হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে স্টোরেজ, ডাটা এবং মিডিয়া অটো-ডাউনলোড অপশনে গিয়ে ছবি, ভিডিও বা অন্যান্য মাধ্যমের স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করে দিন। সেখানে ‘নেভার’ বা কখনও নয় অপশনটি নির্বাচন করলে কোনো ফাইল নিজে থেকে ডাউনলোড হবে না। অচেনা নম্বর থেকে আসা কোনো সন্দেহজনক মেসেজে বা লিংকে ভুলেও ক্লিক করবেন না। ওটিপি, ইউপিআই পিন, ব্যাংকের গোপন তথ্য বা পাসওয়ার্ড কারও সঙ্গেই শেয়ার করা যাবে না। অপরিচিত ও সন্দেহজনক নম্বর দেখলে সঙ্গে সঙ্গে ব্লক ও রিপোর্ট করুন এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন। সামান্য সতর্কতা ও সচেতনতাই পারে আপনার ফোন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে।

এমএম