ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া।

অনতিবিলম্বে রাশিয়ায় ফেসবুকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে মস্কোর একটি আদালত।

গতকাল সোমবার (২১ মার্চ) এ খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। ফেসবুককে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে ও‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগ এনে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না। দুই সপ্তাহ আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে ফেসবুক ছাড় দিয়েছিল। কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতি বিরোধী। কিন্তু এর মাধ্যমে তারা তাদের সেই নীতি ভেঙেছিল।

এ খবর ফাঁস হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল খবরটি সত্য হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।অবশেষে সেই নিষেধাজ্ঞা দিলো রাশিয়া।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, রাশিয়ায় যেন ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ না হয় এবং মেটার বিরুদ্ধে যেন সন্ত্রাসী সংগঠন হিসেবে কোনো অভিযোগ না আনা হয় সে আবেদন করেছিল মেটা। কিন্তু তাদের আবেদন প্রত্যাখান করে দেওয়া হয়।

তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্ক জুকারবার্গ বা মেটা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।তথ্যসূত্র : দ্যা গার্ডিয়ান।

এবিএস