দীর্ঘ ১০ মাস ধরে নেতৃত্বহীনতায় ভূগছে ঢাকা কলেজ ছাত্রলীগ। নেতৃত্বের অভাবে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এ শাখায় নেই শৃঙ্খলা। দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় কেউ কারও কথা শুনছে না। নতুন নেতৃত্ব না আসায় ছাত্রলীগের রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে অনেকে। হতাশায় নিমজ্জিত হচ্ছেন তরুন নেতাকর্মীরা।

ঢাকা সিটির মধ্যে ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ শাখা ঢাকা কলেজ। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অনেক সময় ধরে কমিটি না থাকায় তারা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণায় যত সময় নিচ্ছে ঢাকা কলেজের কর্মীরা ততই রাজনীতির আগ্রহ হারাচ্ছেন।

রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ঢাকা কলেজ ছাত্রলীগ। তবে দীর্ঘদিন নেতৃত্বহীন থাকার কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেক কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের প্রতি তাদের দাবি খুব দ্রুত কমিটি দিয়ে এই গুরুত্বপূর্ণ শাখার কর্মীদের সাংগঠনিক কাজকে গতিশীল করবেন এবং কর্মীদের হতাশা ঘোঁচাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের একাধিক ছাত্রলীগ কর্মী টাইমনিউজবিডি.কমকে বলেন, দীর্ঘ ১০ মাস ধরে আমরা নেতৃত্বহীনতায় ভূগছি। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ও বিভিন্ন মন্ত্রী এমপিদের অনেক কাজে আমরা সহযোগিতা করে থাকি।

অথচ অনেকদিন ধরে আমরা নেতৃত্বহীনতায় ভূগছি এ নিয়ে কারও মাথা ব্যাথা নেই। শীর্ষ নেতাদের দৃষ্টি না থাকায় ঢাকা কলেজ শাখার কর্মীরা ছাত্রলীগ থেকে বিলীন হয়ে যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আল মাহমুদ তারেক টাইমনিউজবিডি.কমকে জানান, আমরা ঢাকাসহ সারাদেশের বিভিন্ন কলেজে কমিটি দেয়া শুরু করেছি। ইতোমধ্যে ঢাকা সিটির মধ্যে সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ শাখার কমিটি দেয়া হয়েছে। ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ণ শাখা ঢাকা কলেজ ছাত্রলীগ। দীর্ঘদিন ধরে নেতৃত্ব না থাকা সত্ত্বেও খুব ভালো ভাবে চলছে ঢাকা কলেজ ছাত্রলীগ। খুব শিগরিই আমরা ঢাকা কলেজ কমিটি দিব।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল টাইমনিউজবিডি.কমকে বলেন, ঢাকা কলেজ ছাত্রলীগ আমাদের একটি শক্তিশালী টিম। খুব শিগরিই এই শাখার কমিটি ঘোষণার চিন্তা চেতনা রয়েছে। আসন্ন ঈদুল আজহার পরে একটি সিদ্ধান্ত নিয়ে ঢাকা কলেজ শাখার কমিটি ঘোষণা করা হবে।

ঢাকা কলেজ কমিটি ঘোষণার ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ টাইমনিউজবিডি.কমকে বলেন, এই মুহুর্তে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেয়ার কোন চিন্তা নেই। কমিটি দেয়া সাংগঠনিক ও রাজনৈতিক কৌশলের বিষয়। তবে এই মুহূর্তে ঢাকা কলেজ শাখার কমিটি দেয়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে ঢাকা কলেজ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তুমুল সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ রাকিব আল ফারুক নামে এক শিক্ষার্থী নিহত হয়। এরপর ৩০ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তে ঢাকা কলেজ ছাত্রলীগ কমিটি স্থগিত করা হয়। সেই থেকে আজ পর্যন্ত নেতৃত্বহীন ভাবে চলছে ঢাকা কলেজ ছাত্রলীগ।

ঢাকা, এমআর, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ