রিও অলিম্পিক যেনো দুহাত ভরিয়ে দিচ্ছেন হাঙ্গেরির সাঁতারু কাতিনকা হোসসুকে। ‘লৌহমানবী’ নামে পরিচিত এ সাঁতারু ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও স্বর্ণপদক জয় করেছেন। এ নিয়ে রিওতে তৃতীয় স্বর্ণপদক জয় করলেন তিনি।

বুধবার বাংলাদেশ সময় সকালে এই ইভেন্টে হোসসু ২ মিনিট ৬.৫৮ সেকেন্ডে সময় নিয়েছেন। ফলে অলিম্পিক রেকর্ড গড়েই স্বর্ণপদকটি জিতেছেন তিনি। যুক্তরাজ্যের সিভন-ম্যারি ওকনর ২ মিনিট ৬.৮৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক জিতেছেন। আর যুক্তরাষ্ট্রের মায়া ডির্যানবো তৃতীয়স্থানে থেকে ব্রোঞ্জপদক জিতেছেন।

এর আগে রিওতে গেমসের প্রথম দিন ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেন হোসসু। এরপর তৃতীয় দিন ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও সোনা জিতেন। যদিও তিনি আগের তিন অলিম্পিকে ফিরেছিলেন খালি হাতেই। তবে এবার যেন সেই না পাওয়ার আক্ষেপগুলো ভালোভাবেই পুষিয়ে নিচ্ছেন তিনি।

এবারের আসরে আর একটি ইভেন্ট ২০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নিবেন হোসসু। যদি তিনি ওই ইভেন্টেও সোনা জিততে পারেন তাহলে স্পর্শ করবেন ক্রিস্টিন অটোকে। তিনিই একমাত্র নারী সাঁতারু হিসেবে এক ইভেন্টে চারটি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে এ কীর্তি গড়েন জার্মানির অটো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হোসুস এখন তাকে ছোঁয়ার অপেক্ষাতেই রয়েছেন।

এমএনজে