স্প্যানিশ সুপারকাপ ফু্টবলের প্রথম লেগে জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার দিবাগত মধ্যরাতে স্বাগতিক সেভিয়ার মুখোমুখি হয়েছিল লুই এনরিকের দল। সেখানে লুই সুয়ারেজ ও মুনির আল হাদ্দাদির নৈপুণ্যে ২-০ গোলে জয় পায় বার্সেলোনা।

স্প্যানিশ সুপারকাপ বা সুপারকাপ ফুটবল প্রতি মৌসুমের শুরুতে অনুষ্ঠিত হয়। পূর্বের মৌসুমে স্পেনের লা লিগা চ্যাম্পিয়ন ও কোপা দেল রে ফুটবলের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হয় এই লড়াইয়ে। দুই লেগ লড়াই শেষে জয়ী দলের হাতে উঠে সুপারকাপের শিরোপা।

গত মৌসুমে লা লিগা জিতেছিল বার্সেলোনা। একই সঙ্গে কোপা দেল রে ফুটবলের শিরোপাও জিতেছিল দলটি। নিয়ামানুযায়ী তাই কোপা দেল রে ফুটবলের রানারআপ সেভিয়ার মুখোমুখি হতে হয়েছে দলটিকে।

রোমান সানচেজ পিজজুয়ান স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। বরং স্বাগতিক সেভিয়াই এই অর্ধে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে। তবে গোলের দেখা পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় বার্সা। এরই ধারাবাহিকতায় ৫৪ মিনিটে বার্সাকে ১-০ গোলে এগিয়ে নেন লুই সুয়ারেজ। উরুগুয়েন তারকাকে গোলটি বানিয়ে দেন আরদা তুরান।
ম্যাচের ৮১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। লিওনেল মেসির পাস থেকে গোল করেন তরুণ ফরোয়ার্ড মুনির আল হাদ্দাদি।

আগামী বুধবার বার্সার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে সুপার কাপের দ্বিতীয় লেগের খেলা।

 

এমএনজে