টেস্টের তৃতীয় দিনেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। ডোমিনিকায় অনুষ্ঠিত টেস্টে ৯ উইকেটে জিতেছে অসিরা। এ নিয়ে পঞ্চমবারের মত টেস্টে ক্যারিবীয়দের ৯ উইকেটের ব্যবধানে হারালো সফরকারীরা।

টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে আগের দিনের ২৫ রান নিয়ে খেলা শুরু করে ক্যারিবীয়রা। হাতে ছিল আটটি উইকেট। কিস্তু ২১৬ রান সংগ্রহ করতেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। জবাবে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

তৃতীয় দিনের শুরুতে আগের দিনে করার ৩ রান নিয়ে খেলা শুরু করা ড্যারেন ব্রাভো আর মাত্র ২ রান যোগ করে মাঠ থেকে ফিরে যান।

এরপর শেন ডরিচকে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগটা ভালোভাবেই দিয়েছেন মারলন স্যামুয়েলস। সময় গড়ানোর সাথে সাথে অস্ট্রেলিয়ার বোলারদের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকেন ডৌরিচ ও স্যামুয়েলস। ফলে দলকে ইনিংস পরাজয়ের হাত থেকে রক্ষা করে লিডও এনে দেন তারা। দলকে লিড এনে দিতে গিয়ে দু’জনই স্বাদ পান হাফ-সেঞ্চুরির।

কিন্তু হাফ-সেঞ্চুরিটাকে তিন অংকে রূপান্তর করতে পারেননি স্বাচ্ছন্দ্য ব্যাটিং করা ডরিচ। ৫টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করে থামেন তিনি। ফলে স্যামুয়েলসের সাথে ১৪৪ রানের জুটি ভাঙ্গে ডৌরিচের।

ডরিচের বিদায়ের পর জার্মেই ব্ল্যাকউডকে নিয়ে দলের লিড বাড়ানোর চেষ্টা করেন স্যামুয়েলস। কিন্তু ব্ল্যাকউডের ভুলে পঞ্চম উইকেটে বড় জুটি পায়নি ওয়েস্ট ইন্ডিজ। অসি স্পিনার নাথান লিঁও’র বলে স্ট্যাম্পড হবার আগে ১২ রান করেন ব্ল্যাকউড। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ১৯৮ রান।

এরপরই ধস নামে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে। পরবর্তী ৫ উইকেট ১৮ রানে মধ্যে হারিয়ে ২১৬ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ক্যারিবীয়দের শেষ পাঁচ উইকেটের মধ্যে পেসার মিচেল স্টার্ক ৩টি, জনসন ও লিঁও ১টি করে উইকেট শিকার করেন। এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন স্যামুয়েলস। আর অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিলেন স্টার্ক। ২৮ রানে ৪ উইকেট শিকার করেন তিনি।

জয়ের জন্য ৪৭ রানের ছোট টার্গেট ছুঁতে গিয়ে তা ৫ ওভারের মধ্যেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। এজন্য তাদের হারাতে হয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ২০ বলে ২৮ রান করেন তিনি। এছাড়া শন মার্শ ৭ বলে ১৩ ও স্টিভেন স্মিথ ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন প্রথম ইনিংসে ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলা এডাম ভোজেস। কিংস্টনে আগামী ১১ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ : ১৪৮ ও ২১৬ (স্যামুয়েলস ৭৪, ডৌরিচ ৭০, স্টার্ক ৪/২৮)।

অস্ট্রেলিয়া : ৩১৮ ও ৪৭/১, ৫ ওভার (ওয়ার্নার ২৮, মার্শ ১৩*, টেইলর ১/২২)।

ফল : অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।

সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

ম্যান অব ম্যাচ : এডাম ভোজেস (অস্ট্রেলিয়া)।

জেডআই