আগেই জানা টেস্ট ম্যাচের জন্যে পুরোপুরি ফিট নন মাশরাফি বিন মর্তুজা। আর ইনজুরি থেকে ফিরে আসা তরুণ পেসার তাসকিনকে টেস্ট খেলিয়ে বিশ্বকাপের আগে কোনো ঝুঁকিতে নিতে চাচ্ছে না বিসিবি।

এজন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন শফিউল ইসলাম ও টেস্ট বোলিং স্পেশালিস্ট রবিউল ইসলাম শিপলু। এই দুই ক্রিকেটাররের সঙ্গে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ স্পিনার তাইজুল ইসলাম ও মিডল অর্ডার ব্যাটসম্যান শুভাগত হোম। মাশরাফি ও তাসকিনের সঙ্গে দেশে ফিরে আসবেন আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ মিঠুন।

তাইজুল এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে গেছেন। বাকি তিন ক্রিকেটার সোমবার রাতে ঢাকা ছাড়ছেন। রাত সাড়ে ৯ টায় ফ্লাই এমিরেটসের বিমান ধরবেন ক্রিকেটাররা। দুবাই হয়ে লন্ডন। এরপর বিমান পরিবর্তন করে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট কিটসে পৌছবেন এই তিন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি একমাত্র টি-টোয়েন্টির জন্য তাকে বিবেচনা করা হচ্ছে তাইজুল ইসলামকে।

গত মৌসুমে বল হাতে দারুণ সময় কাটিয়েছেন এই স্পিনার। ২২.৭ গড়ে ৫৫টি উইকেট নিয়েছেন তিনি। কিছুদিন আগে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করেন তিনি। দুটি চারদিনের ম্যাচে নয় উইকেট নেন তিনি। পেসার রবিউল ইসলাম শিপলু এ বছরে মাত্র একটি টেস্ট খেলেন। আন্তর্জাতিক ম্যাচটিতে কোনো উইকেট না পেলেও ঘরোয়া ক্রিকেটে পাঁচটি ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।

আরেক পেসার শফিউল ইসলাম প্রায় তিন বছর পর টেস্ট স্কোয়াডে ফিরছেন। গত মৌসুমে বল ও ব্যাট হাতে সমান পারফরমেন্স করেছেন শুভাগত হোম। মাত্র চারটি ওয়ানডে খেলা শুভাগত ২০১১ সালের পর এবারই প্রথম সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট লিগে ৪ ম্যাচে ১৩৩ রান ও ৬ উইকেট এবং জাতীয় ক্রিকেট লিগে ৭ ম্যাচে ৪৭৮ রান এবং ১৫ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। দুটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা। ওয়ানডের গ্লানি ভুলে টেস্ট সিরিজে পারফর্ম করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা? উত্তরটা মিলবে কিছুদিন পরই।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই