দীর্ঘ তিন বছরেরও বেশি সময় জাতীয় দলে অনুপস্থিত আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। তবে জুভেন্টাসে আলো ছড়ানোয় তাকে দলে না নিয়ে পারলেন না বলে জানিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো।

চলতি মাসে ক্রোয়েশিয়া ও পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোর জন্য ঘোষিত দলে রাখা হয়েছে তেভেজকে। এর ফলে প্রায় সাড়ে তিন বছর পর আবারও জাতীয় দলে অন্তর্ভুক্ত হলেন তিনি।

দলের জন্য 'সমস্যা সৃষ্টিকারী' হিসেবে মনে করতেন সাবেক আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। তাই কখনোই সাবেক ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারকে দলে রাখেননি তিনি। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলের পর কোচের দায়িত্ব পান মার্টিনো। এই সময়ের মধ্য সব ধরনের প্রতিযোগিতায় ১৩ ম্যাচে ৮ গোল করে নতুন কোচের নজর কেড়েছেন তেভেজ।

তাকে দলে নেয়ার বিষয় মার্টিনো বলেন, "আমরা দেখেছি তাকে (তেভেজ) ও লিওনেল মেসির সঙ্গে কেমন মানায়। হিগুয়েইন ও সার্জিওর সঙ্গে কেমন খেলে। কারণ গত দুটি বছর তারা একত্রে খেলেছিল (ম্যানসিটিতে)।"

৩০ বছর বয়সী এই তারকাকে দলে নেয়ার বিষয় সাবেক বার্সা কোচ আরো বলেন, "তারা ভালো খেলবে- এর মানে এটা না যে প্রথম মিনিটেই গোল করবে। হতে পারে খেলার ১০ মিনিটে অথবা ৭০ মিনিটে। তাকে দলে নেয়ার মানে এটা নয় যে, সে সব সময় একাদশে থাকবে বা বেঞ্চে বসে থাকবে। আমরা এটা পরে সিদ্ধান্ত নিব। আগামী দুই ম্যাচ তার খেলা দেখব।"

তেভেজের প্রশংসা করে তিনি আরো বলেন, "সিরি 'আ'তে গত দুই মৌসুমে সে সেরাদের সেরা অথা সেরা তিনজনের একজন ছিল। ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে আবার দলে নেয়া নিশ্চিত করেছে।"

আগামী বুধবার লন্ডনে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৮ নভেম্বর ম্যানচেস্টারে পর্তুগালের বিপক্ষে নামবে মেসিরা।

জেডআই