দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিনে শুরুতে চাপে পড়ে যাওয়া বাংলাদেশ দলকে আশার আলো দেখানো মুশফিকুর রহিম শেষ পর্যন্ত প্রথম দিনটি পার করতে পারলেন না। তৃতীয় সেশনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ আউট হলেন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব আল হাসান (২৩) ও লিটন দাস (৩)।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু পঞ্চম ওভারের তৃতীয় বলেই ওপেনার তামিম ইকবালকে হারায় তারা। স্টেইনের অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম।
তামিমকে ফিরিয়ে চারশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্টেইন। শন পোলকের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব দেখান তিনি।
মধ্যাহ্ন-বিরতির পর জেপি ডুমিনিকে আক্রমণে আনেন হাশিম আমলা। নিজের দ্বিতীয় ওভারেই মুমিনুল হককে (৪০) ফিরিয়ে দিয়ে ৬৯ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ডুমিনি।
৩৪তম ওভারে আবার আঘাত হানেন ডুমিনি। এবার ইমরুল কায়েসকে (৩০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
৮৬ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। চমৎকার ব্যাটিংয়ে টেস্টে ১১ ইনিংস পর অর্ধশতক পূর্ণ করেন টাইগার অধিনায়ক।
কিন্তু তৃতীয় সেশনের শুরুতে ছন্দ পতন হয়। স্টেইনের বলে বাভুমার হাতে মাহমুদুল্লাহ (৩৫) ক্যাচ তুলে দিলে ভেঙে যায় টাইগাদের ৯৪ রানের জুটি।
দলের হাল ধরে রাখেন মুশফিক। সাকিবকে নিয়ে ভালোই এগিয়ে চলছিলেন। স্বপ্ন দেখিয়েছিল দিনটি পার করে দেয়ার। সেই সঙ্গে নিজের নামের পাশে একটি সেঞ্চুরি জমা করা। স্বপ্নটি আর পূরণ হলো না। এলগারের বলে উইকেটরক্ষক ডেন ভিলাসের তালুবন্দী হন তিনি। রিভিউ নিলেও সেটি কাজে লাগেনি। মাঠ ছাড়ার আগে ১২৫ বলে সাতটি চারে ৬৫ রান করেন অধিনায়ক।
জেডআই





