এই প্রথম নেদারল্যান্ডের বিপক্ষে জয় পেল আইসল্যান্ড ।ইউরো ২০১৬ এর বাছাইপর্বে নেদারল্যান্ডকে ২-০ গোলে হারায় আইসল্যান্ড।এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। তার মধ্যে একটিতে জয়ী হলেও হেরেছে দুটিতে। সবশেষ সোমবার আইসল্যান্ডের কাছে হারে তারা। এ হারের ফলে তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডাচরা।

অন্যদিকে সুপার পারফরমেন্সের মাধ্যমে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আইসল্যান্ড। সমসংখ্যক পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেক প্রজাতন্ত্র।

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটেই পিছিয়ে পড়ে রোবেন-ভন পার্সিরা। পেনাল্টি থেকে গোল করে আইসল্যান্ডকে এগিয়ে নেন গিলফি সিগার্ডসন। ৪২ মিনিটে জটলার মধ্য থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সিগার্ডসন। ২-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় আইসল্যান্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে আইসল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে এটা তাদের প্রথম জয়।

এ ছাড়াও ইউরো বাছাইপর্বে জয় পেয়েছে ইতালি, নরওয়ে, ওয়েলস ও ক্রোয়েশিয়া। ইতালি ১-০ গোলে হারিয়েছে মাল্টাকে। নরওয়ে ২-০ গোলে জয় পেয়েছে বুলগেরিয়ার বিপক্ষে। ওয়েলস ২-১ গোলে হারিয়েছে সাইপ্রাসকে। আর ক্রোয়েশিয়া ৬-০ গোলে হারিয়েছে আজারবাইজানকে।

ইআর