ঘোষণা দিয়ে জাতীয় ক্রিকেট দল থেকে বিদায় নেয়া হয়নি ক্রিকেটার আফতাব আহমেদের। তবে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা জানালেন তিনি। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে অংশগ্রহণ করতে এসে জানালেন ২০১৪-১৫ মৌসুমই ঘরোয়া ক্রিকেট তার শেষ আসর।
জাতীয় দলের সাবেক তারকা আফতাব বলেন, ‘এবারই আমার শেষ লিগ। এরপর প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছে নেই।’ ক্রিকেট থেকে সরে যাবার পেছনের কারণ হিসেবে আফতাব বলেন, ‘ক্রিকেটটা এখন অনেক টাফ। ক্লাবের অফিসিয়ালরা ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন চিন্তা করে। এই বছর আমি খুব কম অফার পেয়েছি। সবকিছু মিলিয়ে আমি চিন্তা করছি এটাই সঠিক সময়। আমি যদি আরও একটু সময় নেই তবে বিষয়টি ঠিক হবে না।’
চট্টগ্রামের এই তারকা ক্রিকেটার ক্রিকেট কোচিংয়ে মনযোগী হয়েছেন। চট্টগ্রামের তিনটি জায়গায় ক্রিকেট একাডেমি তৈরি করছেন তিনি। যার নাম দেয়া হয়েছে ‘আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি।’
একাডেমি সম্পর্কে আফতাব বলেন, ‘চট্টগ্রামে একটি ক্রিকেট একাডেমি করেছি। এর প্রসেসিং চলছে। আমার ইচ্ছা কোচিং ক্যারিয়ারটা অনেক ওপরে নিয়ে যাওয়া। চট্টগ্রামে বর্তমানে ক্রিকেটের অবস্থা খুবই খারাপ। আমার ইচ্ছে চট্টগ্রামবাসীদের জন্য কোন কিছু করার। আবার যেন ক্রিকেটকে ভাল একটা জায়গায় নিয়ে আসতে পারি।’
গত আসরে খেলেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গাজী ট্যাংকে। এবার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন তিনি।
জাতীয় দলের হয়ে ১৬টি টেস্ট ও ৮৫টি ওয়ানডে খেলেছিলেন আফতাব। টেস্টে একটি অর্ধশতক সহ রান করেছেন ৫৮২ এবং ওয়ানডেতে ১৪টি অর্ধশতক সহ রয়েছে ১৯৫৪ রান। আর মাত্র ২২৮ রান করেছেন ১১টি টি-টোয়েন্টি ম্যাচে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





