বিশ্বকাপ অনুশীলন ম্যাচে দুর্বল স্কটল্যান্ডের কাছ থেকে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে কোন মতে রেহাই পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র তিন রানে জয় পেয়েছে সাবেক দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
নিজেদের প্রথম অনুশীলন ম্যাচে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হওয়া ক্যারিবিয়রা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৩ রানের বড় স্কোর গড়লে স্কটল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে ভাল অবস্থায় ছিল বলে মনে হচ্ছিল।
দুই ওপেনার ক্রিস গেইল এবং মারলন স্যামুয়েলসকে মাত্র ১ রানের ব্যবধানে হারালেও পরবর্তীতে দিনেশ রামদিন (৮৮) এবং লেন্ডল সিমন্স ক্যারিবিয় দলকে বড় সংগ্রহ এনে দেন।
স্কটল্যান্ড ওপেনার কাইল কোয়েটজার ১৪টি বাউন্ডারিসহ ৯৬ এবং রিচি বেরিংটন ৪৪ বলে ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
বেরিংটন ৪৯ তম ওভারে আউট হওয়ার পর শেষ ওভারে পেসার কেমার রোচের বলে স্কটল্যান্ড আরো দুই ব্যাটসম্যানকে হারালে তিন রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্কটিশদের।
এ ম্যাচে পরাজিত হলেও নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৯ রানে হারানো স্কটল্যান্ডের প্রস্তুতিটা বেশ ভালই হলো।
আগামী রোববার নেলসনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এক দিন পর ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।
জেডআই





