আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই বিদায় নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। এবার ঘরোয়া টি-টোয়েন্ট ক্রিকেট লিগ থেকেও অবসরের ঘোষণা দিলেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ শেষেই ক্রিকেট থেকে পুরোপুরিভাবেই অবসর নিবেন তিনি।
বৃহস্পতিবার লি বলেন, ‘এটিই আমার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। এবারের বিগ ব্যাশে খেলতে নামার আগে আমি এই সিদ্বান্তই নিয়েছিলাম।’
২০১২ সালের ১৩ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন লি। তবে ক্রিকেটের টানে বিভিন্ন দেশের টি-২০ ঘরোয়া টুর্নামেন্টে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ফলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ভারতের আইপিএল, নিউজিল্যান্ডের এইচআরভি কাপসহ বিভিন্ন টি-২০ ম্যাচ খেলেন লি। তবে এবার পুরোপুরিভাবে সবধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্বান্ত নিলেন ৩৮ বছর বয়সী এই তারকা খেলোয়াড়।
চলতি বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন লি। বল হাতে ৭ ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন।
১৯৯৯ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা লি পরবর্তী ১৩ বছরে অস্ট্রেলিয়ার হয়ে ৭৬টি টেস্ট, ২২১টি ওয়ানডে ও ২৫টি টি-২০ ম্যাচ খেলেন। বোলার হিসেবে পরিচিত লি টেস্টে ৩১০, ওয়ানডেতে ৩৮০ ও টি-২০তে ২৮ উইকেট শিকার করেন।
জেডআই





