ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জয় করে ফিরেছেন ক্রিকেট বিস্ময় মুস্তাফিজুর রহমান।
গতকাল সোমবার রাতেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। উপস্থিত ছিলেন বিসিবির কর্মকর্তারাও।
আরিফ খান জয় বলেন, ‘মুস্তাফিজ আমাদের জাতীয় বীর।’ মুস্তাফিজকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়ার কথাও জানিয়ে দিলেন মন্ত্রী।
তার এই প্রত্যাবর্তনেও ছিল নতুনত্ব। পরনে হলদে টি-শার্টের সঙ্গে নীল জিনস। মাথায় গোলাপের পাগড়ি! গলায় পুষ্পমালা। কাল রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই বরণ করে নেয়া হলো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল মাতিয়ে আসা মুস্তাফিজকে।
হায়দরাবাদের সাফল্যে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুস্তাফিজ। প্রথম বিদেশি হিসেবে আইপিএলের ‘সেরা উদীয়মান’ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছেন ১৭ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। বাংলাদেশের দর্শকের কাছে আইপিএল যেন হয়ে উঠেছিল মুস্তাফিজের ৪ ওভার! দেশে ফিরে তাই দর্শকদের ধন্যবাদ দিতে ভুললেন না বাঁহাতি পেসার, ‘ধন্যবাদ জানাই সবাইকে। এটা আমার প্রথম আইপিএল ছিল। শুরুটা ভালো হয়েছিল, শেষটাও।’
তবে সদা লাজুক মুস্তাফিজ ছিলেন মূলত হাসির মধ্যেই সীমাবদ্ধ। কেমন লাগছে এখন? শুরুতেই বললেন, ‘এখন কেবলই বাবা-মাকে মনে পড়ছে।’
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট মানেই বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির সম্মিলন, সারা বিশ্বের ক্রিকেট তারকাদের এক ছাদের নিচে আসা। আইপিএল থেকে সঞ্চিত অভিজ্ঞতা মুস্তাফিজ কাজে লাগাতে চান সামনের দিনগুলোতেও, ‘আমি এখনো ছোট। সব সময় শিখতে চাই। অনেক দেশের অনেক খেলোয়াড় ছিল সেখানে। চেষ্টা করব সামনে সুযোগ পেলে আরও ভালো করতে।’
ফাইনালের আগে হ্যামস্ট্রিংয়ের সামান্য চোট ছিল মুস্তাফিজের। আজ বাংলাদেশ দলের ফিজিও বায়োজিদুল ইসলামের সঙ্গে দেখা করবেন তিনি। এর পর ঠিক করবেন পরবর্তী করণীয়।
এমবি





