চলতি মৌসুমে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফের হারল রিয়াল মাদ্রিদ। বুধবার কোপা ডেল রে'র শেষ-১৬ এর প্রথম লেগে ২-০ গোলে হেরেছে দলটি।

এর আগে গত সেপ্টেম্বরে লা লিগায় অ্যাটলেটিকোর কাছে ২-১ গোলে হেরেছিল রিয়াল।

এদিকে এই নিয়ে টানা তিন ম্যাচ হারল বর্তমান ইউরোপের চ্যাম্পিয়নরা। ২০১৪ সালের শেষ ম্যাচে প্রীতি ম্যাচে এসি মিলানের কাছে ৪-২ গোলে হারের পর গত রোববার লিগে ভালেন্সিয়ার মাঠে ২-১ গোলে হারে কোল কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

ইতালির ক্লাব মিলান থেকে ধারে খেলতে আসা ফার্নান্দো টরেসকে নিয়েই প্রথম একাদশ সাজান অ্যাটলেটিকো কোচ ডিয়াগো সিমওনে। অন্যদিকে, ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামে রিয়াল।

দলের সেরা তারকা না থাকলেও শুরুতে প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে কোনো সমস্যা হয়নি রিয়ালের। তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সার্জিও রামোসের হেড কোনোমতে এক হাত দিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

১৩তম মিনিটে গ্যারেথ বেল হেড করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটা গোল হয়নি। পরক্ষণে পাল্টা আক্রমণে দারুণ গতিতে বল নিয়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েন অ্যান্টোনিও গ্রিজমান। ফরাসি এই স্ট্রাইকারের শটটা একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৪তম মিনিটে ভালো একটা সুযোগ নষ্ট করেন অ্যাটলেটিকোর মিডফিল্ডার রাউল গার্সিয়া।

দ্বিতীয়ার্ধে রিয়ালের রক্ষণের উপর চাপ বাড়াতে থাকে আতলেতিকো। ৫৮তম মিনিটে এগিয়েও যায় তারা।

ডি বক্সের মধ্যে রামোস প্রতিপক্ষের গার্সিয়াকে টেনে ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। তা থেকে গার্সিয়া নিজেই বল জালে জড়ান।

এর সাত মিনিট পর রিয়াল কোচ আনচেলত্তি জেমস রদ্রিগেসের বদলে রোনালদোকে মাঠে নামান। দুইবারের বর্ষসেরার উপস্থিতিতে অতিথিদের আক্রমণের ধার কিছুটা বাড়লেও গোলের দেখা মেলেনি।

৭৯তম মিনিটে অসাধারণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করে জয় মোটামুটি নিশ্চিত করে ফেলেন হোসে হিমেনেস।

আগামী বৃহস্পতিবার ফিরতে লেগে রিয়ালের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে মুখোমুখি হবে দল দুটি।

জেডআই