ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) না খেলে বিসিবির নির্দেশে লন্ডন থেকে রোববার সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই জাতীয় দলে না খেলার হুমকির কথা অস্বীকার করেন সাকিব।
সাকিব বলেন, ‘দেশের হয়ে আমি আরও অন্তত ১০ বছর খেলতে চাই। আমি অনুমতি নিয়েই খেলতে গিয়েছিলাম। দুই পক্ষের কথা শুনেই যেকোনো বিষয়ে মন্তব্য করা উচিত। আমি কখনোই বিতর্কে আসতে চাই না। আমি চাই ক্রিকেট খেলতে। এটা আমার প্যাশন। ক্রিকেট না খেলাটা আমার জন্য খুবই কষ্টকর বিষয়। খেলাটিকে আমি খুবই পছন্দ করি।’
সাকিব আরও বলেন, ‘আপনারা আমার টিমমেটদের জিজ্ঞেস করতে পারেন এ ব্যাপারে। এই তো ভারতের বিপক্ষে সিরিজের আগেই আইপিএল জিতে এসে ওদের বলেছিলাম দেশের হয়ে একটা ম্যাচ জেতাতে যে আনন্দ। দেশে ফিরেছি। আশা করছি সব ভুল বোঝাবুঝির অবসান হবে।’
এরপর দুপুর ১টা ৪২ মিনিটে বিসিবিতে আসেন সাকিব। মিরপুরে এসেই প্রথমে সাব্বির খানের সঙ্গে দেখা করেন সাকিব। তার কাছে জানতে চান কখন থেকে জাতীয় দলের অনুশীলন। সাব্বির বলেন, ‘অনুশীলন শুরু হবে দুপুর সাড়ে ৩টায়।’
এসময় সাকিব হাসতে হাসতে বলেন, ‘আমাকে অনুশীলন করতে দেবে কি? না শাস্তি দেবে। বিসিবি যে সিদ্ধান্ত দেয় আমি তা মেনে নিতে প্রস্তুত আছি।’
এরপর সাকিব বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজনের কামরায় যান। নিজের বিষয়ে সিইওর সঙ্গে লম্বা সময় আলোচনা করেন সাকিব।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





