আগামীকাল মঙ্গলবার হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শারিরিক কসরত প্রদর্শন করবে বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক গোল্ডকাপকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। জালাল স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে নতুন সাজে। দর্শদের মাঝে উৎসাহ বাড়াতে আয়োজন করা হয়েছে র্যামফেল ড্র। প্রবেশ টিকেট দিয়েই দর্শকরা পেতে পারেন মোটর সাইকেলসহ আকর্ষণীয় সব পুরস্কার।

মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে হবিগঞ্জ সদর বনাম বাহুবল উপজেলা। টুর্ণামেন্টে হবিগঞ্জের ৮টি উপজেলা দল অংশগ্রহণ করছে। প্রত্যেক দলই চাইলে জেলার বাইরের ৫ জন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। এতে করে জাতীয় দলের ও বিদেশী খেলোয়াড়ের নৈপুণ্য উপভোগ করার সুযোগ পাবেন স্থানীয় দর্শকরা।

এই টুর্ণামেন্টের মাধ্যমে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত হয়েছে প্রাণ গ্রুপ। তারা হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদে সম্পৃক্ত থাকার আগ্রহ ব্যক্ত করেছে।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি জানান, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টকে কেন্দ্র করে জালাল স্টেডিয়ামে প্রস্তুতির কাজ শেষ হয়েছে। খেলায় দর্শকরা যে টিকেট দিয়ে প্রবেশ করবেন সেই টিকেটে র‌্যাফেল ড্রর ব্যবস্থা করা হয়েছে। এতে মোটর সাইকেলসহ আকর্ষণীয় পুরস্কারেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ