করোনার ছোবলে ২০২০ সালের বড় একটি সময় ছিল ক্রিকেটবিহীন। বিরাট কহলি নাকি সেই সময়টা উপভোগ করেছেন।

তবে ২০২০ সালে খেলার স্বল্পতা তাকে দিয়েছে বিরল ও অপ্রত্যাশিত এক অভিজ্ঞতা। অভিষেকের পর এবারই প্রথম ওয়ানডে শতকবিহীন পূর্ণ একটি বছর পার করলেন তিনি।

২০০৮ সালে ভারতের হয়ে অভিষেক হয় কোহলির। গত ১১ বছরে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শতক হাঁকানোকে রুটিনমাফিক কাজে পরিণত করেছেন। সেই কোহলির ২০২০ সালে কোন শতক নেই ওয়ানডেতে, তা বড় খবর হয়ে ওঠাই স্বাভাবিক।

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ২০২০ সালে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই ভারতের। এ বছর তাই আর আন্তর্জাতিক ওয়ানডে খেলার সুযোগ হবে না ভারতীয় অধিনায়কের। কোহলির প্রথম ওয়ানডে শতক বিহীন বছর নিশ্চিতের দিনে অবশ্য তার নতুন আরেক রেকর্ড দেখেছে বিশ্ব। একদিনের ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়েছেন কোহলি।

বুধবার (২ ডিসেম্বর) ক্যানবেরায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত জড়ো করে ৩০২ রান। কোহলির ব্যাট থেকে আসে ৬৩ রান। আগের ম্যাচে ৮৯ রান করেও শতকের দেখা পাননি। ভক্ত-সমর্থক-বিশ্লেষকরা আশা করেছিলেন, বছরের শেষ ওয়ানডেতে অন্তত তিন অঙ্ক ছোঁবেন কোহলি।

কোহলি অবশ্য নিজেকে সান্ত্বনা দিতে পারেন শচীন টেন্ডুলকারের কীর্তি ভাঙার তৃপ্তিতে। এতদিন দ্রুততম ১২ হাজার রানের কীর্তি ছিল ভারতীয় কিংবদন্তির। ৩০০তম ইনিংসে শচীন পেয়েছিলেন ১২ হাজারতম রানের দেখা। কোহলি সেই দেখা পেয়েছেন ২৪২তম ইনিংসেই।বিডিক্রিকটাইম

এমবি