অবিরাম বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় এবং আলো স্বল্পতার কারণে বাধ্য হয়েই দুপুর ১২টা ১০ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের দুই আম্পায়ার। আগামীকাল শনিবার সকাল সাড়ে নয়টায় যথারীতি শুরু হবে তৃতীয় দিনের খেলা।
শুক্রবার সকাল থেকে বৃষ্টির দাপট ছিলো রাজধানী ঢাকাতে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর প্রভাবে বৃষ্টির সূত্রপাত ঘটে। তবে সময় গড়ানোর পাশাপাশি বৃষ্টি তার তেজও ধরে রাখে। সেই সাথে ছিলো আলো স্বল্পতাও। তাই মাঠ পর্যবেক্ষণ না করেই মাঠের বাইরে থেকে বাধ্য হয়েই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের আম্পায়াররা।
বৃষ্টির এমন আচরণে হোটেল থেকে বেরই হননি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। আর সকাল থেকেই কভার দিয়ে পিচ ঢেকে রাখা হয়েছিল।
এর আগে টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে ৮ উইকেটে ২৪৬ রান তুলেছিলো স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম ৬৫, মোমিনুল হক ৪০, সাকিব আল হাসান ৩৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫ ও ইমরুল কায়েস ৩০ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ডেল স্টেইন ও জেপি ডুমিনি ৩টি করে উইকেট শিকার করেন। এ ম্যাচের প্রথম দিন টেস্ট ক্যারিয়ারের ৪শ’ উইকেট শিকারের কৃীর্তি গড়েন প্রোটিয়াস পেসার স্টেইন।
চট্টগ্রামে সিরিজে প্রথম টেস্ট ড্র হয়।
জেডআই





