টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে এবার নাম লেখাল মহেন্দ্র সিং ধোনির ভারত। এক, দুই বা তিন জন নন; ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে গুণে গুণে ভারতের ৬ জন ব্যাটসম্যান কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে এমন দশা হয়েছে ধোনির দলের। আর ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো তাদের প্রথম চার ব্যাটসম্যানের তিন জন কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরেন।

মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলির শূন্য রানে ফেরায় ওল্ড ট্র্যাফোর্ডে ৫.১ ওভারেই ৮ রানে ৪ উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত অবশ্য ধোনি আর রবিচন্দ্রন অশ্বিনের কল্যাণে অলআউট হওয়ার আগে ১৫২ রান তুলতে পারে তারা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে এর আগে ৬ ব্যাটসম্যানের কোনো রান না করে ফেরার ঘটনা ঘটেছে তিন বার।

এই তিন বারের একটি আবার বাংলাদেশের। ২০০২ সালে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন বাংলাদেশর ৬ ব্যাটসম্যান।

সবার আগে লজ্জার এই রেকর্ডটি গড়ে পাকিস্তান। ১৯৮০ সালে করাচি টেস্টে জাভেদ মিয়াঁদাদের পাকিস্তানকে এটা উপহার দিয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া আহমেদাবাদে ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৬ ব্যাটসম্যানকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরায় শচীন টেন্ডুলকারের ভারত।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই