অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত দল চূড়ান্ত করেছে বিসিসিআই। তিন ফরম্যাটের কোনো দলেই জায়গা হয়নি সহ-অধিনায়ক রোহিত শর্মার। ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে- রোহিতের বিপজ্জনক চোট রয়েছে এবং তাকে বিসিসিআইয়ের মেডিকেল দল পর্যবেক্ষণ করছে।
কিন্তু এর মধ্যেই রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে মাঠে নেমেছেন। এতেই দানা বেঁধেছে বিতর্ক।
ভারতীয় দলে কোহলি-রোহিত দ্বন্দ্ব এখন আর কারও অজানা নয়। অধিনায়ক বিরাট কোহলির পাল্লা স্বভাবতই ভারি। রোহিতকে চোটের জন্য ভারতীয় দলে রাখা হয়নি। কিন্তু আইপিএলে তিনি দলের হয়ে খেলছেন। এরপরই বিতর্ক দানা বাঁধে।
মাসখানেক পরের আন্তর্জাতিক ম্যাচে যিনি চোটের কারণে জায়গা পান না, তিনি কীভাবে আইপিএলে খেলেন? তাও এমন এক ম্যাচে রোহিত মাঠে নেমেছেন, যে ম্যাচে দল হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকেছে মুম্বাই। অগুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে ফিট প্রমাণের চেষ্টা করে কি তাহলে জাতীয় দলকে প্রশ্নবিদ্ধ করলেন রোহিত?
ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধারা আপাতত রোহিতকে নিয়ে আলোচনা-সমালোচনায় ব্যস্ত। দেশটির সাবেক ক্রিকেটার দিলিপ ভেংসরকার বলেন, “ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিতকে মাত্র কয়দিন আগে অস্ট্রেলিয়া সফরের জন্য ফিট নয় বলে উল্লেখ করা হল, আর এখন সে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছে। প্রশ্ন হল- ভারতের হয়ে খেলার চেয়েও কি আইপিএল তার কাছে গুরুত্বপূর্ণ? বিসিসিআই কি এই ব্যাপারে কিছু বলবে? নাকি তার চোটের মাত্রা নির্ণয় করতে বিসিসিআইয়ের ফিজিও ব্যর্থ হয়েছেন?”
টিম ইন্ডিয়ার দাবি ছিল, রোহিতের চোট গুরুতর হয়ে উঠতে পারে। তাকে মুম্বাইয়ের অনুশীলনে দেখে প্রধান কোচ রবি শাস্ত্রী ‘বড় চোট হওয়া’র ঝুঁকির কথাও জানিয়েছিলেন। কথিত আছে, শাস্ত্রী নিজেও রোহিতের অঘোষিত ‘শত্রু’ কোহলির অনুসারী। রোহিতের খেলতে নেমে যাওয়া কি শাস্ত্রীকে বুড়ো আঙুল দেখানো কি না- সেই প্রশ্নও উঠছে।
অবশ্য কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, রোহিতের মাঠে ফেরাটাই আপাতত বড় খবর। তিনি জানান, “এসব (বিতর্ক) একপাশে রেখে বলব রোহিতের ফিট হয়ে ওঠা সুখবর। সে দ্রুত ফেরার চেষ্টা করলে চোট বাড়তে পারে- এই দাবিতে অসত্য নেই। কিন্তু তাকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে।” বিডিক্রিকটাইম
এমবি
এমবি





