হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৫২ রান জড়ো করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। জিততে হলে সফরকারী বাংলাদেশকে করতে হবে ১৫৩ রান।

বৃহস্পতিবার (২২ জুলাই) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দ্বিতীয় ওভারেই দলটি উইকেট হারায়। তাদিওয়ানাশে মারুমানিকে (৭ বলে ৭) সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান।

এরপর রেগিস চাকাভার ব্যাটে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। আরেক ওপেনার ওয়েসলে মাধেরেভে ২৩ রান (২৩ বল) করে সাজঘরে ফিরলেও ডিওন মায়ার্স ক্রিজে এসে দ্রুত গতিতে রান তোলা অব্যাহত রাখেন।

চাকাভা ২২ বলের সহায়তায় ৫টি চার ও ২টি ছক্কায় ৪৩ রান এবং মায়ার্স ২টি চারের সহায়তায় ২২ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন। তাদের বিদায়ের পর স্বাগতিক দল খেই হারায়। চাকাভাবে দুর্দান্ত রান আউটে আউট করেন সাড়ে চার বছর পর টি-টোয়েন্টি খেলতে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

শরিফুল ইসলাম জোড়া উইকেট শিকারের পর মোহাম্মদ সাইফউদ্দিনও শিকার করেন জোড়া উইকেট। ১৮তম ওভারে সাইফউদ্দিনের শিকার হয়ে রায়ান বার্ল (৬ বলে ৪) আউট হন বদলি ফিল্ডার শামীম হোসেন পাটোয়ারির অবিশ্বাস্য ক্যাচে। তার আগে ফেরেন লুক জংওয়ে (১৬ বলে ১৮)।

শেষপর্যন্ত ব্যাটিং বান্ধব উইকেটে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে, ১৯ ওভার ব্যাট করে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান তিনটি এবং শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার।বিডিক্রিকটাইম 

সংক্ষিপ্ত স্কোর

টস: জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে: ১৫২/১০ (১৯ ওভার)
চাকাভা ৪৩, মায়ার্স ৩৫
মুস্তাফিজ ৩১/৩, শরিফুল ১৭/২, সাইফউদ্দিন ২৩/২

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৫৩ রান।

এমবি