বিশ্বকাপে সবার নজর কাড়া জেমস রদ্রিগেজ এখন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। এখানে এসে এই কলম্বিয়ান সুপারস্টার জানালেন, ফরাসি তারকা জিনেদিন জিদানের মতো হতে চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্নেও বিভোর ছিলেন।
৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন রদ্রিগেজ। এতে লস ব্লানকোসদের তৃতীয় দামী খেলোয়াড় হিসেবে ক্লাবে যোগ দিলেন ২৩ বছর বয়সী এই তারকা। গ্যারেথ বেল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রদ্রিগেজই অর্থমূল্যের দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে।
রিয়াল মাদ্রিদে এসে রদ্রিগেজ প্রথমেই জানালেন তার দীর্ঘ দিনের বাসনার কথা। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমি সব সময় জিদানের মতো হয়ে চেয়েছিলাম।” পছন্দের সারিটা আরো একটু দীর্ঘায়িত করে বলেছেন, “জিদান, রোনালদো, রবার্তো কার্লোস। আমি সব সময় রিয়াল মাদ্রিদের ভক্ত ছিলাম। আমি সব সময় তাদেরকে অনুসরণ করতাম ও এখানে আসার স্বপ্ন দেখতাম।”
স্যান্টিয়াগো বার্নব্যুতে যে কোনো পজিশনে খেলতে আগ্রহী রদ্রিগেজ। এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, “কোচ যেখানে চাইবেন আমি সেখানে খেলতে পারব। মাঝখানে, ডানে অথবা বামে।”
রিয়াল মাদ্রিদে এখন তারকার ছড়াছড়ি। আগে থেকেই মাঠ কাঁপিয়েছিলেন রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ইসকো। একাদশে জায়গা করে নিতে তাদের সঙ্গে কঠিন লড়াই করতে হবে লাতিন আমেরিকার এই তারকাকে।
ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





