জার্মানের কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার চলে গেলেন না ফেরার দেশে।

বুন্দেসলিগায় তার ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার আর নেই। ১৯৭৪ সালের বিশ্বকাপজয়ী এই জার্মান ফুটবলার ৭৫ বছর বয়সে মারা গেলেন।

বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সাবেক এই স্ট্রাইকার ২০১৫ সালে আলজেইমার (এটি মস্তিস্কের এমন এক রোগ যে কারণে কিছু মনে রাখতে পারে না রোগী) রোগে আক্রান্ত হন। এরপর বিশেষায়িত কেয়ার হোমে বসবাস করছিলেন তিনি।

আজ রোববার ( ১৫ আগস্ট ) সকালে মারা গেছেন মুলার। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ অফিসিয়াল বার্তায় জানিয়েছে । মৃত্যুকালে স্ত্রী ও কন্যা রেখে গেছেন এই কিংবদন্তী ফুটবলার।

১৯৪৫ সালের ৩ নভেম্বর পশ্চিম জার্মানিতে জন্ম গ্রহণ করেন মুলার।

তিনি দেশের হয়ে ৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নামের পাশে যোগ করেন ৬৮ গোল।

৭৪টি ইউরোপিয়ান ম্যাচে ৬৬ গোল আর ৪২৭টি বুন্দেসলিগা ম্যাচে ৩৬৫ গোলের কীর্তি গড়েন সাবেক এই স্ট্রাইকার।

১৯৭৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ‘দা গ্রেটেস্ট গোলস্কোরার’ হিসেবে পরিচিত এই মহাতারকা।

১৯৭২ সালে এক মৌসুমে ৮৫টি গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন মুলার। সেই রেকর্ডটি অক্ষত ছিল ৪০ বছর। যা ২০১২ সালে ভেঙে দেন লিওনেল মেসি।

২ বিশ্বকাপ খেলে ১৪টি গোল করেন তিনি। তার বিশ্বকাপ গোলের রেকর্ড অক্ষত ছিল দীর্ঘ ৩২ বছর। ২০০৬ বিশ্বকাপে তাকে ছাড়িয়ে যান রোনালদো।

গার্ড মুলারের চলে যাওয়ার দিনটিকে বায়ার্নের কালো দিন হিসেবে অভিহিত করেছেন বায়ার্ন সভাপতি হেরবের্ট হাইনার।

হাইনার বলেন, ‘আজ বায়ার্ন ও এই ক্লাবের সমর্থকদের জন্য শোকের দিন, কালো দিন। গার্ড মুলার ইতিহাসে সেরা স্ট্রাইকার। দারুণ একজন মানুষ, বিশ্ব ফুটবলের এক অসাধারণ ব্যক্তিত্ব।’

এইচএন