ইংলিশ প্রফেশনাল ফুটবলারর্স এসোসিয়েশন (পিএফএ) এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন প্রিমিয়ার লিগের বিতর্কিত লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
২৭ বছর বয়সী উরুগুয়ের এই তারকা লিগে ৩০ গোল করার পাশাপাশি চলতি মৌসুমে লিভারপুলের ১২টি গোলের সহযোগিতায় করায় পিএফএ তাকে এই সম্মানে ভূষিত করে। লিভারপুল বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে, হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ।
ক্যারিয়ারের অন্যতম শীর্ষস্থানীয় এই পুরস্কার পাবার পরে সুয়ারেজ বলেছেন, ‘প্রিমিয়ার লিগে অনেক অসাধারণ খেলোয়াড়রা খেলে থাকে। তাই তাদের মধ্যে যখন এই ধরনের একটি সম্মাননা অর্জিত হয়েছে সেটা সত্যিকার অর্থেই বিশেষ কিছু।’
সতীর্থ স্টিভেন জেরার্ড এবং ড্যানিয়েল স্টারিজ, চেলসি মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড, ম্যানচেস্টার সিটির ইয়াইয়া টোরে এবং প্রিমিয়ার রিগে সাউদাম্পটনের বিস্ময়কর প্যাকেজ অ্যাডাম লালানাকে পিছনে ফেলে সুয়ারেজ এই পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। ১৯৮৬-৮৭ সালে ইয়ান রাশের পরে প্রথম লিভারপুলের খেলোয়াড় হিসেবে সুয়ারেজ এক মৌসুমে লিগে ৩০ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। একইসাথে সতীর্থ স্ট্রাইকার স্টারিজকে ভাল খেলতেও অবদান রেখেছেন। অথচ গত এপ্রিলে চেলসির তারকা ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড় দেবার অপরাধে ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ। এ কারণে চলতি মৌসুমে প্রথম পাঁচটি ম্যাচে তিনি দলের বাইরে ছিলেন।
তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিভারপুল ম্যানেজার ব্রেন্ডন রজার্স বলেছেন, তিনি একজন দূর্দান্ত খেলোয়াড়। তার প্রতিশ্রুতি এবং দক্ষতা অনেক উঁচু পর্যায়ের। তিনি তার যোগ্য সম্মানই পেয়েছে। তিনি বিশ্বমানের এমন একজন খেলোয়াড় যে নিজের খেলাকে সবসময়ই উপভোগ করে। আশা করছি তিনি এই ধারা অনেকদিন বজায় রাখতে পারবে।
পিএফএ বর্ষসেরা দলে সুয়ারেজ ছাড়াও লিভাপুলের আরো দু'জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। তারা হলেন মিডফিল্ডার স্টিভেন জেরার্ড এবং স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। এছাড়া এই দলে আরো রয়েছেন চেলসি গোলরক্ষক পিটার চেক, ডিফেন্ডার গ্যারি কাহিল, মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড, ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার-অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি, মিডফিল্ডার ইয়াইয়া টোরে, সাউথহ্যাম্পটনের লেফট ব্যাক লিউক শ, মিডফিল্ডার অ্যাডাম লালানা এবং এভারটনের রাইট ব্যাক সিমাস কোলম্যান।
পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইডেন হ্যাজার্ড।
ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
পিএফএ বর্ষসেরা পুরস্কার জিতলেন সুয়ারেজ
ইংলিশ প্রফেশনাল ফুটবলারর্স এসোসিয়েশন (পিএফএ) এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন প্রিমিয়ার লিগের বিতর্কিত লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ।





