সেঞ্চুরি করে লড়াই চালিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু দলকে জেতাতে পারেননি। সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৫ রানে হারিয়েছে ভারত। আর এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় ফিরেছে মহেন্দ্র সিং ধোনির দল। বৃহস্পতিবার চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে আগে ব্যাট করে বিরাট কোহলির ১৩৮ রানের সুবাদে ৮ উইকেটে ২৯৯ রানের বড় স্কোর গড়ে ভারত। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৪ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের দেওয়া ৩০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৭ রানের মধ্যেই দুই ওপেনার হাশিম আমলা (৭) ও কুইন্টন ডি ককের (৪৩) উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিস ও ডেভিড মিলারও ফিরে যান ৮৮ রানের মধ্যেই। তবে পঞ্চম উইকেটে ফারহান বেহারদিয়েনের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন ডি ভিলিয়ার্স। বেহারদিয়েন ২২ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন ডিলিয়ার্স। ষষ্ঠ উইকেটে ক্রিস মরিসের সঙ্গে ৪১ রানের আরেকটি জুটিও গড়েন তিনি। মরিস বিদায় নিলেও অ্যারন ফাঙ্গিসোর সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনাও জাগিয়ে তোলেন ডি ভিলিয়ার্স। কিন্তু দলীয় ২৩৩ রানে ডি ভিলিয়ার্স বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১০২ বলে ১০ চার ও ২ ছক্কায় ১১২ রান করেন এই ডানহাতি। ডি ভিলিয়ার্সের বিদায়ের পর শুধু পরাজয়ের ব্যবধানই কামাতে পারেন অন্য ব্যাটসম্যানরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। ৩৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার রোহিত শর্মা (২১) ও শিখর ধাওয়ান (৭)। তবে তৃতীয় উইকেটে রাহানেকে নিয়ে ১০৪ রানের বড় জুটি গড়েন কোহলি। রাহানে ব্যক্তিগত ৪৫ রান করে ডেল স্টেইনের বলে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন ভারতের নতুন ‘টেন্ডুলকার’ খ্যাত কোহলি। চতুর্থ উইকেটে রায়নার সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি। পেসার অ্যারন ফাঙ্গিসোর বলে লং অনের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন কোহলি। রায়না ব্যক্তিগত ৫৩ রান করে ফিরলে কোহলির সঙ্গে তার ১২৭ রানের বড় জুটিও ভাঙে। এরপর কোহলির ১৩৮ রানের ইনিংস থামে রাবাদার বলে ডি ককের গ্লাভসবন্দি হয়ে। অবশ্য কোহলিকে বিদায় করার পরের বলেই হরভজনকে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন তরুণ পেসার রাবাদা। যদিও হ্যাটট্রিক আর হয়নি। রাবাদার হ্যাটট্রিক না হলেও শেষ ওভারে ভারত আরো ২ উইকেট হারানোয় শেষ পর্যন্ত স্কোর তিন’শ করতে পারেনি। শেষ ওভারের চতুর্থ বলে ধোনিকে (১৩) ডি ভিলিয়ার্সের ক্যাচে পরিণত করেন স্টেইন। আর শেষ বলে ভুবনেশ্বর কুমারকে স্টেইন নিজেই রানআউট করেন। ম্যাচসেরার পুরস্কার জেতেন বিরাট কোহলি।