প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেও এই রান সংগ্রহে কোন সেঞ্চুরির দেখা পাননি পাকিস্তানী অধিনায়ক মিসবাহ-উল-হক। এর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে বিরল এক রেকর্ড সৃষ্টি করেছেন মিসবাহ। শনিবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মিসবাহ পাঁচ হাজার রানের কোটা পূর্ণ করেন।
ইডেন পার্কে অনুষ্ঠিত এই ম্যাচের আগে মিসবাহ পাঁচ হাজার রানের থেকে মাত্র সাত রান দুরে ছিলেন। দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের বলে মিড উইকেটে বল ঠেলে দিয়ে এক রান সংগ্রহ করে পাক অধিনায়ক ১৬০ ম্যাচে ১৪৭তম ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। ম্যাচটিতে মিসবাহ ৫৬ রান সংগ্রহ করেছেন।
২০১৩ সালে ইংল্যান্ডের ওভালে চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিসবাহ ৯৬ রানে অপরাজিত ছিলেন। এখন পর্যন্ত এটাই তার সর্বোচ্চ স্কোর। প্রায়ই ধীর গতির রান রেটের জন্য ওয়ানডে ক্রিকেটার হিসেবে সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে মিসবাহকে।
তবে টেস্ট ক্রিকেটে ৫৬ বলে দ্রুততম সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডসের সাথে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন মিসবাহ। গত বছর নভেম্বরে আবু ধাবীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এই কৃতিত্ব স্পর্শ করেছিলেন।
জেডআই





