চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ৪৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৭১ রান করেছে জিম্বাবুয়ে। তবে এখনও ৩৭৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে জয়ের স্বপ্ন দেখছে তারা। শেষ দিনে মাত্র নয়টি উইকেট শিকার করতে পারলেই স্বপ্ন পূরণ হবে তাদের। সেই সঙ্গে সফরকারীদেরকে ধবল ধোলাই করে ইতিহাস রচনা করতে পারবে টাইগাররা।
শনিবার ২৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। অবশেষে মুমিনুল হকের সেঞ্চুরিতে পাঁচ উইকেটের বিনিময় ৩৭৪ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
এদিন ১১ রান নিয়ে মাঠে নামা ইমরুল কায়েম ১৫ রানে আউট হলেও মাঠে টিকে ছিলেন ৮ রান নিয়ে মাঠে নামা তামিম ইকবাল। মুমিনুল হকের সঙ্গে জোট বাঁধেন তিনি। হাফ-সেঞ্চুরি পূর্ণ করে এগিয়ে যান সেঞ্চুরির দিকে। তবে ৬৫ রান করেই মাঠ থেকে বিদায় নিতে হয় তাকে।
তামিম সেঞ্চুরি করতে না পারলেও ঠিকই সেঞ্চুরি পূর্ণ করেছেন ওয়ানডাউনে মাঠে নামা মুমিনুল। শেষ পর্যন্ত ১৩১ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। এই স্কোর গড়তে ১৮৯ বলে ১৩টি বাউন্ডারি হাঁকান এই তারকা।
এছাড়া মুশফিকের ৪৬ রান ও মাহমুদুল্লাহর ৩০ রানই উল্লেখযোগ্য। তবে অল রাউন্ডার সাকিব আল হাসান করেছেন মাত্র ১৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে উইকেট হারায় জিম্বাবুয়ে। চট্টগ্রাম টেস্টে আবারও রানের খাতা খোলার আগে রুবেল হোসাইনের শিকারে পরিণত হন ব্রিয়ান চারি। এবার এলবিডব্লিউর ফাঁদে পড়েন এই ব্যাটসম্যান। তবে সিকান্দার রাজা (৪৩) ও হ্যামিল্টন মাসাকাদজা (২৬) চতুর্থ দিনের খেলা শেষ করেন।
জেডআই





