বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিলেন নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণে পদত্যাগ করেছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিজের বিদায়ের কথা জানালেন ম্যাকেঞ্জি। করোনা পরিস্থিতিতে পরিবারের সঙ্গে থাকার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশের চাকরি ছাড়ার কারণ ব্যাখ্যা করে নিল ম্যাকেঞ্জি বলেন, “হ্যাঁ, আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি। এর একমাত্র কারণ হলো, পরিবার থেকে লম্বা সময় ধরে দূরে থাকা। যেহেতু এখন করোনাকাল, ব্যস্ত সূচি, তাই সব সংস্করণ মিলিয়ে এত লম্বা সময়ের জন্য দূরে থাকাটা আমার পরিবারের জন্য খুব বেশি কষ্টের হয়ে যাবে।”

মাহমুদউল্লাহ-মুশফিকদের সঙ্গে কাজ করা দারুণ বলে বিদায়বেলায় জানান ম্যাকেঞ্জি, “টাইগারদের হয়ে দায়িত্ব পালনের সময়টুকু আমার দারুণ ছিল এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলাদা একটি জায়গা সবসময়ই আমার হৃদয়ে থাকবে। এখানে দারুণ কিছু মানুষের সঙ্গে কাজ করতে পেরেও নিজেকে সৌভাগ্যবান মনে করি।”

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় ম্যাকেঞ্জিকে। তাঁর সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

তাঁর অধীনে ব্যাটসম্যানরাও বেশ উন্নতি করতে পেরেছেন। তাই বিশ্বকাপের পর তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আরও ২ বছরের জন্য বাড়িয়ে নেয় বিসিবি। কিন্তু করোনার কারণে শেষ পর্যন্ত নিজেই বিসিবির চাকরি ছেড়ে দিলেন এই প্রোটিয়া কোচ।

এমবি