মোহাম্মদ শহীদের সাজঘরে ফেরার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শেষ সেশনে প্রোটিয়া বোলারদের দাপটে তছনছ হয়ে গেছে স্বাগতিকদের ব্যাটিং লাইন। ফলে প্রথম দিনটি নিজেদের মতো করে নিতে পারেনি টাইগাররা।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনে ৮৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ২৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এদিন প্রথম সেশনে এক উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় সেশনের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। মুশফিকুর রহিমের অর্ধশতক ও মাহমুদুল্লাহর ধৈর্যশীল ব্যাটিংয়ে দারুণ প্রতিরোধ গড়েছিল তারা। কিন্তু শেষ সেশনে পাঁচটি উইকেট হারিয়ে নিজেদের অবস্থানটা নড়বড়ে করে ফেলে স্বাগিতকরা।
টস জিতে শুরুতে ব্যাট করতে পঞ্চম ওভারের তৃতীয় বলেই ওপেনার তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। স্টেইনের অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে হাশিম আমলাকে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম।
তামিমকে ফিরিয়ে চারশ’ উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্টেইন। শন পোলকের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব দেখান তিনি।
মধ্যাহ্ন-বিরতির পর জেপি ডুমিনিকে আক্রমণে আনেন হাশিম আমলা। নিজের দ্বিতীয় ওভারেই মুমিনুল হককে (৪০) ফিরিয়ে দিয়ে ৬৯ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ডুমিনি। ৩৪তম ওভারে আবার আঘাত হানেন ডুমিনি। এবার ইমরুল কায়েসকে (৩০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
৮৬ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ দলের হাল ধরেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। চমৎকার ব্যাটিংয়ে টেস্টে ১১ ইনিংস পর অর্ধশতক পূর্ণ করেন টাইগার অধিনায়ক।
তৃতীয় সেশনের শুরুতে ছন্দ পতন হয়। স্টেইনের বলে বাভুমার হাতে মাহমুদুল্লাহ (৩৫) ক্যাচ তুলে দিলে ভেঙে যায় টাইগাদের ৯৪ রানের জুটি।
দলের হাল ধরে রাখেন মুশফিক। সাকিবকে নিয়ে ভালোই এগিয়ে চলছিলেন। স্বপ্ন দেখিয়েছিলেন দিনটি পার করে দেয়ার। সেই সঙ্গে নিজের নামের পাশে একটি সেঞ্চুরি জমা করা। স্বপ্নটি আর পূরণ হলো না। এলগারের বলে উইকেটরক্ষক ডেন ভিলাসের তালুবন্দী হন তিনি। রিভিউ নিলেও সেটি কাজে লাগেনি। মাঠ ছাড়ার আগে ১২৫ বলে সাতটি চারে ৬৫ রান করেন অধিনায়ক।
ক্রিজে এসে লিটন দাস মাত্র তিন রান করে বিদায় নেন। তবে সাকিব ও নাসির প্রথম দিনের খেলা শেষ করার দিকে এগিয়ে যান। ৮৮তম ওভারে মরকেলের বলে এলগারের হাতে সাকিব (৩৫) ক্যাচ তুলে দিলে সেই স্বপ্ন ভেঙে যায়। আর পরের ওভারের প্রথম বলেই শহীদকে বোল্ড করে দিয়ে দিনটি নিজের করে নেন ডেল স্টেইন।
শহীদের বিদায়ের মাধ্যমে প্রথম দিনের খেলা শেষ হয়ে যায়। নাসির ১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
ক্যারিয়ারে চারশ' উইকেট পূর্ণ করা বোলার স্টেইন এবং ডুমিনি তিনটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান এলগার ও মরকেল।
জেডআই





