মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রলিঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর: ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৮ রান।

বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার দলকে দুরন্ত সূচনা দিয়েছেন। পাওয়া প্লে’তে (প্রথম ৬ ওভার) বাংলাদেশকে ৬৮ রান এনে দিয়েছেন তারা। দলীয় ৭১ রানে গুনারত্নের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য, ব্যক্তিগত ৩৪ রানে (১৭ বলে); ৬.৩ ওভারে।

সৌম্য আউট হওয়ার কিছু পরে ব্যক্তিগত ৩৬ রানে (২৫ বলে) রান আউট হয়েছেন ইমরুল। এরপর দলের হাল ধরেছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান। দুরন্ত সূচনার পর এই মুহূর্তে সাকিব-সাব্বিরের ব্যাটিং বাংলাদেশকে বড় সংগ্রহের হাতছানি দিচ্ছে।

আজ বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টি-২০ ম্যাচে টসে জয়লাভ করেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

টেস্ট ও ওয়ানডে, শ্রীলঙ্কা সফরের দুই সিরিজই শেষ হয়েছিল ১-১ ব্যবধানের সমতা নিয়ে। টি-টোয়েন্টি সিরিজেও একই রকম সমতা নিয়ে দেশের ফিরতে হলে আজ লঙ্কানদের বিপক্ষে জিততে হবে টাইগারদের।

তবে নিশ্চিতভাবেই আজ আলোচনার কেন্দ্রে থাকবেন অধিনায়ক মাশরাফি। বিদায়ী ম্যাচটা জয় দিয়েই স্মরণীয় করে রাখতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার অন্যতম এই নায়ক। শেষ ম্যাচে মাশরাফিকে জয় উপহার দিতে চান মুশফিক-সাকিবরা।

তবে মাঠে নামার আগেই কিছুটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। পিঠের ব্যথার কারণে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। তাঁর বদলে মাঠে নামবেন ইমরুল কায়েস।

মাশরাফির বিদায়ী ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিলশান মুনাবিরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, মিলিন্দ সিরিবর্ধনে, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।

এমবি