যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও ভারত অনূর্ধ্ব-১৯ দল। ৩০ ডিসেম্বর শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে।

‘বি’ গ্রুপে নেপাল ও কুয়েতকে হারিয়ে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির মাঝপথে বাতিল হয়ে গেলেও নেট রান রেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছে বাংলাদেশ। ভারত দুই ম্যাচ জিতলেও পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ হয় ‘এ’ গ্রুপের।

সেমির প্রতিপক্ষ ভারত হলেও তাদের এশিয়া কাপের আগে হারায় টাইগার যুবারা। ভারতের মাটিতে তিন দলের সিরিজে চ্যাম্পিয়ন হয় রাকিবুলরা।

চলতি আসরের দুই ম্যাচ ও ভারতকে তাদের মাটিতে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া যুবা টাইগার দলের অধিনায়ক রাকিবুল হাসানের প্রত্যাশাটাও বেড়ে গেছে নিশ্চিত ভাবে।

ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে নামার আগে অধিনায়ক রাকিবুল বলেছেন, “আগামীকাল ভারতের সঙ্গে আমাদের সেমিফাইনাল ম্যাচ। আশাবাদী আমরা আমাদের সেরাটা দিতে পারলে অনেক ভালো করব। কারণ আমরা আমাদের প্রথম দুইটা ম্যাচ ভালো ব্যবধানে জিতেছি। আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে খেলতে নামব। ভারতের সঙ্গে বিগত সিরিজটি জিতেছি। ওদের সঙ্গে ভালো করতে ওইটাও আমাদের মানসিকভাবে সহায়তা করবে। ভালো খেলতে অনুপ্রেরণা দেবে।”

যুবা টাইগারদের অধিনায়ক আরও বলেছেন, “আমরা চেষ্টা করব আমরা আমাদের সেরাটা দিয়ে যাতে ওদের সঙ্গে আমরা জিততে পারি। আমরা এখানে বিগত তিনটি ম্যাচই এখানে খেলেছি, এটা আমাদের সুবিধা হিসেবে থাকবে ভালো করার জন্য। আমি মনে করি আমরা ওদের চেয়ে সবদিকে এগিয়ে থেকে নামব এবং আমাদের সেরাটা দেবো, ম্যাচ জিতে ভালো একটা ফলাফল নিয়ে বের হবো।”

এমআর