খেলাধুলার প্রাণ বলা হয় দর্শকদের। অথচ করোনার কারণে মাঠে বসে প্রিয় দলের ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারছেন না সমর্থকরা। এবার বঞ্চিত থাকা দর্শকদের কথা ভাবছে অস্ট্রেলিয়া।

ডিসেম্বরে ভারতের বিপক্ষে বক্সিং-ডে টেস্টে গ্যালারিতে দর্শক রাখার পরিকল্পনা সাজাচ্ছে স্বাগতিকরা।

করোনার পর আবার ক্রিকেট ফিরেছে বটে, তবে বদল এসেছে অনেকটা। মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেটের সাথে সংযুক্ত প্রায় সবকিছুতেই পরিবর্তন অবধারিত ছিল। এটাকেই বলা হচ্ছে, দ্য নিউ নরমাল। এই নিউ নরমালে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত দর্শক ফেরেনি। দর্শক উপস্থিতি নেই আইপিএলের মত মেগা আসরেও।

যদিও গত ২৬ জুলাই পরীক্ষামূলকভাবে ১০০০ দর্শক মাঠে ঢোকানোর অনুমিত দিয়েছিল ইংল্যান্ড সরকার। কাউন্টি দল সারে ও মিডলসেক্সের প্রস্তুতি ম্যাচটা দেখতে এই ১০০০ সমর্থককে সর্বোচ্চ নিরাপত্তা মেনে মাঠে আসার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে নির্দিষ্ট আসনে বসতে হয়েছিল।

তবে এখন পর্যন্ত একাধিক আন্তর্জাতিক সিরিজ মাঠে গড়ালেও স্টেডিয়ামের গ্যালারিগুলো ফাকা পড়ে ছিল। ছিল না কোন দর্শক উপস্থিতি। এবার সমর্থকদের জন্য ইতিবাচক খবর দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বক্সিং-ডে টেস্টে মাঠে দর্শক রাখার পরিকল্পনা করছে অজিরা।

প্রতি বছর ২৬ ডিসেম্বর টেস্ট ম্যাচে মাঠে নামে অস্ট্রেলিয়া। ঐতিহ্যের সেই ম্যাচ হয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সেখানেই এবার ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা। এই ম্যাচে দর্শক ফেরানোর ঘোষণা দিয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যানড্রুজ। তবে কতজন দর্শক সুযোগ পাবেন, সেই বিষয়ে কিছুই পরিস্কার করেননি তিনি।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে অ্যানড্রুজ জানিয়েছেন, “বক্সিং ডে টেস্ট অবশ্যই ভিন্ন। কারণ, এটা বাড়তি মাত্রা যোগ করে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, এমসিজি টেস্টে দর্শকরা উপস্থিত থাকবেন। তবে আমি এখনো নির্দিষ্ট করে বলতে পারছি না ঠিক কতজন দর্শককে ঢুকতে দেওয়া হবে। কিন্তু এটা বলতে পারি, এই বিষয় নিয়ে আমরা কাজ করছি।” বিডিক্রিকটাইম

এমবি