টেস্ট ক্যারিয়ারে প্রথমবারেরর মতো সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যান শামসুর রহমান ও ইমরুল কায়েস। শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেট তাদের দু'শ ঊর্ধ্বো রানের জুটিতে আশার আলো দেখছে স্বাগতিকরা।
২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয় ইমরুল কায়েসের। আর এই ম্যাচের আগে ২০১১ সালের অক্টোবরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। তবে তার ক্যারিয়ারটি বেশি উজ্জ্বল ছিল না। ১৬ টেস্টে ৩২ ইনিংস ব্যাট করলেও কোনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। আর হাফ-সেঞ্চুরিও ছিল মাত্র একটি। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওই ৭৫ রানই ছিল তার সর্বোচ্চ স্কোর।
শ্রীলংকার চলতি সফরে প্রথম ম্যাচে দলে থাকলে একাদশে সুযোগ হয়নি ইমরুলের। তবে চট্টগ্রাম টেস্টে মার্শাল আইয়ুবের বিপক্ষে একাদশে জায়গা হয় তার। সুযোগটি হাতছাড়া করলেন না তিনি। ওপেনার তামিম রানের খাতা খোলার আগে আউট হলে ব্যাট হাতে ক্রিজে নামেন তিনি। টেস্টে দ্বিতীয় দিনে ৩৬ রানে অপরাজিত থাকা ইমরুল তৃতীয় দিনে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন। তারপর আগের সর্বোচ্চ স্কোর ৭৫ রান ছাড়িয়ে গেছেন তিনি। তবুও থামেননি। পূরণ করেছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
এদিকে গত ম্যাচেই টেস্ট অভিষেক হয়েছে শামসুর রহমানের।  ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ৩৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র নয় রানে সাজঘরে ফেরেন তিনি। তবে তৃতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে সেটাকে নিয়ে গেছেন সেঞ্চুরিতে।